গোপালগঞ্জে সহিংসতা ও অগ্নিসংযোগের প্রতিবাদে নারায়ণগঞ্জে তাঁতীদলের বিক্ষোভ
নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য, চোরাগোপ্তা হামলা, বাসে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী তাঁতীদল।
রোববার (২২ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোডের আদালতপাড়া মসজিদ সংলগ্ন এলাকা থেকে মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়াস্থ বিজয়স্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য দেন।
নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সভাপতি মজিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বলের নেতৃত্বে এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাঁতীদলের সদস্য সচিব হাজী মজিবুর রহমান।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতা ও বিএনপির ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। কিন্তু দেশ ছেড়ে পালিয়েও তিনি ক্ষান্ত হননি। তাঁর অনুসারী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা গোপালগঞ্জে বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একজন ধীরস্থির ও বিচক্ষণ মানুষ। তিনি সবকিছু পর্যবেক্ষণ করছেন। তাঁর নেতৃত্বে আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াব। একসময় শেখ হাসিনা বলেছিলেন, যারা আগুন দেবে, তাদের হাতেই আগুন দিতে হবে। অথচ তাঁর দলের নেতাকর্মীরাই পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। যারা এ ধরনের অপরাধে জড়িত, তাদের আইনের আওতায় আনতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় তাঁতীদলের সদস্য সচিব হাজী মজিবুর রহমান বলেন, গোপালগঞ্জ থেকে আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করা হচ্ছে। সেখানে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নেই। মানুষ ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছে। আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীরা অতীতেও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এখনো চালাচ্ছে। তাদের নেত্রী দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় গোপালগঞ্জের মানুষের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। অথচ ভারতে বসে তিনি দেশে নৈরাজ্য সৃষ্টির উসকানি দিচ্ছেন।
তিনি আরও বলেন, তাদের নেত্রীর নির্দেশে গোপালগঞ্জের বিভিন্ন থানায় এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিলে আমরা এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারি। আমরা ১৭ বছর ধরে নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু কখনো প্রতিপক্ষের বাড়িঘরে এভাবে আগুন দিইনি। যারা সাধারণ মানুষের বাড়িঘরে আগুন দেয়, তারা জনগণের শত্রু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা তাঁতীদলের সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক সালমান আহমেদ রুবেল, যুগ্ম সম্পাদক মাসুম পারভেজ, জেলা যুবদলের সদস্য হাসান ইমাম সম্রাট, ফতুল্লা তাঁতীদলের সভাপতি ইউনুস মাস্টারসহ জেলা, মহানগর, থানা ও ইউনিয়ন পর্যায়ের তাঁতীদলের নেতাকর্মীরা।

