এনসিপির ডায়াস্পোরা উপকমিটি গঠন: প্রধান আসিফ মাহমুদ, উপপ্রধান মনিরা শারমিন
এনসিপির ডায়াস্পোরা উপকমিটি গঠন: প্রধান আসিফ মাহমুদ, উপপ্রধান মনিরা শারমিন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রবাসী সংগঠন সংক্রান্ত কার্যক্রম দেখভাল ও পরিচালনা করার লক্ষ্যে ‘ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটি’ গঠন করা হয়েছে। নবগঠিত এই উপকমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং উপপ্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।
সোমবার (২৬ অক্টোবর) এনসিপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপকমিটি গঠনের এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের যৌথ অনুমোদনক্রমে এই উপকমিটি গঠন করা হয়েছে। মূলত দলের ডায়াস্পোরা বিষয়ক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করা, প্রবাসী দলীয় নেতা-কর্মীদের কার্যক্রমের সমন্বয় সাধন এবং প্রবাসী কল্যাণমূলক উদ্যোগগুলোকে সুসংহত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নবগঠিত উপকমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত ও তারেক রেজা। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন রিদওয়ান হোসেন অক্ষর, আরাফাত হোসেন আলিফ, জসিম উদ্দিন ও আলমগীর চৌধুরী আকাশ।
এছাড়া, উপকমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদকে।

