রাজনীতি

উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের প্রথম ব্যালট নির্বাচন সম্পন্ন

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা ইউনিটের ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি ব্যালট নির্বাচনের মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক এই নির্বাচনে এডভোকেট নবী হোসেন ও এডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বাধীন পূর্ণ প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে।

 

১৯৭৫ সালে নারায়ণগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার দীর্ঘ ৫১ বছর পর এবারই প্রথম আজীবন সদস্যরা সরাসরি ভোটাধিকার প্রয়োগ করে তাদের কার্যনির্বাহী কমিটি নির্বাচন করেন। নির্বাচনকে ঘিরে গত কয়েক দিন ধরেই পুরো জেলায় প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছিল।

 

সংগঠনের মোট ৯৯৭ জন ভোটারের মধ্যে ৩৩৮ জন ভোটার এই নির্বাচনে ভোট প্রদান করেন। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় মোট ছয়টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পদাধিকারবলে জেলা পরিষদের চেয়ারম্যান এই ইউনিটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

 

সাধারণ সম্পাদক পদে মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ১৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আইনজীবী ফোরামের সাবেক নেতা এডভোকেট রেজাউল করিম খান।

 

পাঁচটি সদস্য পদের বিপরীতে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সর্বোচ্চ ২৯৯ ভোট পেয়ে প্রথম হন সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। অন্যান্য বিজয়ীদের মধ্যে সিনিয়র আইনজীবী জাকির হোসেন ২৮১ ভোট, নারায়ণগঞ্জ বারের সভাপতি সরকার হুমায়ুন কবির ২৭৫ ভোট, নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ২৬৪ ভোট এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন ২১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সদস্য পদের অন্য প্রার্থীরা ছিলেন এনসিপি নেতা নিরব রায়হান, নাজমুল হক ও হারুনুর রশীদ খান।

 

পুরো নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করেন চার সদস্যের নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন প্রফেসর বদরুন্নাহার, সাংবাদিক নজরুল ইসলাম বাবুল, সোহেল আক্তার সোহান ও এডভোকেট সামছুন নূর বাধন। এছাড়া কমিশনের সচিবের দায়িত্ব পালন করেন রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিটের লিডার মাহমুদা মুন্সি। সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ভোটার ও সংশ্লিষ্ট সবাই।

Leave a Reply

Back to top button