সিনেস্কোপে দর্শকদের সঙ্গে ‘যাপিত জীবন’ উপভোগ করলেন পরিচালক ও নায়িকা ভাবনা
সিনেস্কোপে দর্শকদের সঙ্গে ‘যাপিত জীবন’ উপভোগ করলেন পরিচালক ও নায়িকা ভাবনা

ইমপ্রেস টেলিফিল্ম পরিবেশিত ও সরকারি অনুদানে নির্মিত সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘যাপিত জীবন’ সাধারণ দর্শকদের সঙ্গে বসে উপভোগ করেছেন ছবিটির পরিচালক হাবিবুল ইসলাম হাবিব ও চিত্রনায়িকা আশনা হাবিব ভাবনা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ শহরের আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে অবস্থিত ডিজিটাল প্রেক্ষাগৃহ সিনেস্কোপে উপস্থিত হন তাঁরা। এ সময় ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁদের বরণ করে নেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।
এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা সাব্বির আহমেদ সেন্টু, ঢাকা নিউজ ২৪ডটকম’র সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি এবং ‘যাপিত জীবন’ সিনেমার অভিনয় শিল্পীরা।
কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘যাপিত জীবন’ চলচ্চিত্রে দেশভাগ, ১৯৫২ সালের ভাষা আন্দোলনসহ ইতিহাসের গুরুত্বপূর্ণ নানা বিষয় তুলে ধরা হয়েছে। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এ চলচ্চিত্রের পরিচালক, নায়িকাসহ অন্যান্য শিল্পী ও কলাকুশলীরা দর্শকদের পাশে বসে সিনেমাটি উপভোগ করেন।
সিনেমা প্রদর্শনী শেষে বিকেল ৫টায় পরিচালক হাবিবুল ইসলাম হাবিব ও চিত্রনায়িকা আশনা হাবিব ভাবনা স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় চলচ্চিত্রটির নির্মাণ, গল্পের প্রেক্ষাপট এবং বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সিনেমাটি দেখা শেষে সাংবাদিক নেতা এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, ‘বর্তমান সময়ে পরিবার-পরিজন, বিশেষ করে সন্তানদের নিয়ে দেখার মতো একটি চলচ্চিত্র যাপিত জীবন। কেননা, স্বাধীনতার শেকড় হলো ভাষা। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত আমাদের ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে সিনেমাটি বিশেষ অবদান রাখবে।’
তিনি আরো বলেন, এ ধরনের একটি ঐতিহাসিক প্রেক্ষাপটের চলচ্চিত্র দর্শকদের উপহার দেওয়ার জন্য পরিচালক, নায়িকাসহ সংশ্লিষ্ট সব শিল্পী ও কলাকুশলীর প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের নিয়ে সিনেমাটি দেখারও অনুরোধ জানান সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।
সিনেমাটি দেখে দর্শকরা অনেক আনন্দ উপভোগ করেন এবং সিনেমাটির মাধ্যমে ভাষা আন্দোলনের স্মৃতি মনে করিয়ে দেওয়ায় সিনেমার পরিচালককে ধন্যবাদ জানান।
