বিবিধ

শাহজালালকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ‎

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

 

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাসিক ৬ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শাহজালালকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টারকে কেন্দ্র করে এলাকায় আলোচনা ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। পোস্টারটিতে তার বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ডে অর্থের জোগান দেওয়া এবং গাড়ি পোড়ানোর ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ তোলা হলেও এসব অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ বা নথি উপস্থাপন করা হয়নি বলে দাবি করেছেন প্রতিবাদকারীরা।

‎সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ওই পোস্টারে মোঃ শাহজালালকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিল-মিটিং এবং গাড়ি পোড়ানোর ঘটনায় অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়। তবে পোস্টারে উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ের মতো কোনো নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণ প্রকাশ করা হয়নি বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

‎

‎এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি না করে যথাযথ তথ্য-প্রমাণসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা উচিত। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করা প্রয়োজন। অভিযোগ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত কিংবা মানহানিকর প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।

‎তাদের মতে, রাজনৈতিক বিরোধ, ব্যক্তিগত আক্রোশ কিংবা অন্য কোনো উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে একজন ব্যক্তির সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করা কোনোভাবেই কাম্য নয়। বিশেষ করে কারও বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ তোলার ক্ষেত্রে তথ্যের সত্যতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করা জরুরি।

‎

‎এ বিষয়ে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত পোস্টার ও এর মাধ্যমে উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে যাচাই করা হবে। পাশাপাশি তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রকৃত ঘটনা জনসমক্ষে তুলে ধরা হবে, যাতে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানি বা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন না হন।

Leave a Reply

Back to top button