শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে এসপি হাবিবুর রহমানকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

শারদীয় দুর্গোৎসব সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
আজ শনিবার (১ নভেম্বর, ২০২৬) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে, সহ-সভাপতি তিলোত্তমা দাস ও সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন এবং মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সহ সভাপতি উত্তম সাহা ও সাধারণ সম্পাদক সুশীল দাসের নেতৃত্বে নেতৃবৃন্দ পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধ নিয়ে সহযোগিতা করার জন্য জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
শুভেচ্ছা বিনিময়কালে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, সম্প্রীতির জেলা নারায়ণগঞ্জে সকল ধর্মের মানুষের সহযোগিতায় ২৪০টি মণ্ডপেই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে। এজন্য পূজা উদযাপন পরিষদসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জেলা পুলিশ সবসময় আপনাদের পাশে থাকবে।
এ সময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বলেন, পুলিশ প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতার কারণেই এবার নারায়ণগঞ্জে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বিঘ্নে পূজা উদযাপন সম্ভব হয়েছে।

