বিবিধ

নারায়ণগঞ্জে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

 

‘সত্য, সরাসরি সবার আগে’ প্রতিপাদ্য সামনে রেখে নারায়ণগঞ্জে অনলাইন সংবাদমাধ্যম এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন করা হয়েছে।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যমের প্রধান দায়িত্ব সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। গুজব, ভুল তথ্য ও খণ্ডিত সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার পাশাপাশি সাংবাদিকতার স্বাধীনতা ও পেশাগত দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে।

 

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব বলেন, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সৎ সাংবাদিকতা এবং সত্য ঘটনা তুলে ধরা অত্যন্ত জরুরি। সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সংস্কৃতি থেকে আমরা অনেকটা দূরে সরে গেছি। সেই পরিস্থিতির পুনরাবৃত্তি যেন না হয়।

 

তিনি এনপিবি নিউজের মাধ্যমে সত্যনিষ্ঠ সাংবাদিকতা দেখতে চান বলে জানান। একই সঙ্গে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

 

জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বার বলেন, অতীতে ক্ষমতাসীনদের তোষামোদ করতে গিয়ে গণমাধ্যমের একটি অংশ দায়িত্বশীল ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। এতে রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি দেশও ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩৬ জুলাই-পরবর্তী নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে গণমাধ্যমের প্রতি মানুষের প্রত্যাশা বেড়েছে। সাংবাদিকদের উচিত সরকারকে সঠিক পথ দেখানো এবং অপ্রাসঙ্গিক বিষয়কে প্রাসঙ্গিক করে তুলে কাউকে বিপদগ্রস্ত না করা।

 

এনপিবি নিউজের এক বছরের কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, যতটুকু দেখেছেন, প্রতিষ্ঠানটি সত্যনিষ্ঠ সংবাদ উপস্থাপনের চেষ্টা করছে। নতুন ও সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এনপিবি নিউজ ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতার অন্যতম বড় চ্যালেঞ্জ গুজব ও ভুল তথ্য মোকাবিলা করা। অধিক পাঠকপ্রিয়তা কিংবা টিআরপির আশায় কোনো সংবাদের খণ্ডিত অংশ উপস্থাপন করে সমাজে অস্থিরতা তৈরির প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।

 

তিনি আরও বলেন, সাংবাদিকতার এই লড়াই শুধু সাংবাদিকদের একার নয়। একজন রাজনৈতিক কর্মী হিসেবে এ ক্ষেত্রে তাঁরও দায়িত্ব রয়েছে। ব্যবসায়ী প্রতিনিধি, রাজনৈতিক কর্মীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষ সম্মিলিতভাবে এগিয়ে এলে সাংবাদিকদের পেশাগত বাধা দূর করতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

 

অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, হ্যালো নারায়ণগঞ্জের সম্পাদক ও আরটিভির জেলা প্রতিনিধি আনোয়ার হাসান, এবং দ্য ডেইলি স্টারের জেলা প্রতিনিধি সৌরভ হোসেন সিয়াম।

 

এনপিবি নিউজের জেলা প্রতিনিধি আব্দে রাব্বি আয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক গোলাম সারোয়ার সাঈদ, জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হাবিবুর রহমান শ্যামল, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি রবিউল ইসলাম, আনন্দ টিভির প্রতিনিধি সৈয়দ সিফাত লিংকন, সংবাদের কাউছার আহমেদ, বাংলাবাজার পত্রিকার ইউসুফ আলী প্রধান, প্রেস নারায়ণগঞ্জের সাংবাদিক আব্দুল্লাহ সরকার, দিপ্ত দেবনাথ, সাফায়াত ইকরাম, সাংবাদিক সামিতুল হাসান নিরাক, রাকিবুল হাসান ও মো. সাব্বির হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা।

 

অনুষ্ঠানে বক্তারা এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানান। আগামী দিনগুলোতে সত্য, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রতিষ্ঠানটি দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

Leave a Reply

Back to top button