নারায়ণগঞ্জ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্ত ফলাফল প্রকাশ”
নারায়ণগঞ্জ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্ত ফলাফল প্রকাশ"

নারায়ণগঞ্জ জেলায় সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন মোট ৫৫ জন প্রার্থী।
আজ ১৮ মে (সোমবার) ২০২৬ খ্রি. নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স ড্রিলশেডে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি মহোদয়।
এসময় উপস্থিত ছিলেন জনাব আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্ ও ট্রাফিক-উত্তর), ঢাকা জেলা; জনাব ফৌজিয়া হাবিব খান, অতিরিক্ত পুলিশ সুপার, গোপালপুর সার্কেল, টাঙ্গাইল; এবং নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ—জনাব তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব হাসিনুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার, ‘ক’ সার্কেল,নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন স্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্যবৃন্দ।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা সম্পূর্ণ নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নিজ মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হিসেবে নির্বাচিত হতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকেই আনন্দে অশ্রুসিক্ত হন এবং সহপ্রার্থীদের সাথে কোলাকুলি করে উচ্ছ্বাস প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল সকাল ০৮ ঘটিকা হতে নারায়ণগঞ্জ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম শুরু হয়। বিভিন্ন ধাপের যাচাই-বাছাই শেষে ০৯ মে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সোমবার (১৮ মে) সকাল ১০ ঘটিকায় লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলে এতে ৬৮ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরবর্তীতে উত্তীর্ণ প্রার্থীরা মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। সবশেষে মেধা, যোগ্যতা ও সামগ্রিক দক্ষতার ভিত্তিতে ৫৫ জন নারী-পুরুষ প্রার্থীকে নিয়োগ বোর্ড চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করে।
নিয়োগ বোর্ডের সভাপতি চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং বাংলাদেশ পুলিশে তাদের স্বাগত জানান। তিনি নবনিযুক্তদের সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সাথে দেশসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

