নারায়ণগঞ্জের ট্রাফিক চাপ কমাতে শীতলক্ষ্যা নদীর ওপর নতুন সেতু নির্মাণের সুপারিশ এমপি মাধবী মার্মার
নারায়ণগঞ্জের ট্রাফিক চাপ কমাতে শীতলক্ষ্যা নদীর ওপর নতুন সেতু নির্মাণের সুপারিশ এমপি মাধবী মার্মার

নারায়ণগঞ্জ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্য অঞ্চল এবং রাজধানী ঢাকার নিকটবর্তী জনবহুল এলাকার যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়নের লক্ষ্যে শীতলক্ষ্যা নদীর ওপর আলীগঞ্জ ও বক্তাবলী ঘাটের মাঝে একটি নতুন সেতু নির্মাণের জোরালো দাবি উঠেছে। বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৩৪ এর মাননীয় সংসদ সদস্য মাধবী মার্মা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বরাবর এ বিষয়ে একটি ডিও (DO) লেটার প্রদান করেছেন।
পত্রে উল্লেখ করা হয়েছে যে, বর্তমান সড়ক যোগাযোগ নেটওয়ার্ক বিবেচনায় এলজিইডির অধীন ডিরেক্টর-মীরকাদিম সড়ক এবং আলীগঞ্জ ডিরেক্টরিট ঘাটে শীতলক্ষ্যা নদীর ওপর সেতু নির্মাণ করা হলে স্থানীয় জনগণের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার অবসান ঘটবে। একই সঙ্গে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ বিকল্প সড়ক করিডোর গড়ে উঠবে।
রাজধানীর ট্রাফিক চাপ হ্রাস: প্রস্তাবিত সেতুটি নির্মিত হলে পগর্ট-মুক্তারপুর এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ে এবং তৃতীয় শীতলক্ষ্যা সেতুর মধ্যে নতুন সংযোগ স্থাপিত হবে। ফলে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আগত ট্রাফিক ও আন্তঃআঞ্চলিক যানবাহন ঢাকামুখী মহাসড়কে প্রবেশ না করেই বিকল্প পথে চলাচল করতে পারবে।
স্থানীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন: পাগলা ও বক্তাবলী এবং আলীগঞ্জ ইউনিয়নের সঙ্গে নারায়ণগঞ্জের মূল অংশের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হবে। ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও ব্যবসার ক্ষেত্রে নাগরিকদের যাতায়াত অত্যন্ত দ্রুত ও সহজ হবে।
কৃষি ও অর্থনীতির বিকাশ: বক্তাবলী ও আলীগঞ্জসহ আশপাশের কৃষি অঞ্চল থেকে উৎপাদিত কৃষিপণ্য দ্রুততম সময়ে নারায়ণগঞ্জ ও ঢাকার বাজারে পৌঁছানো সম্ভব হবে, যা কৃষকদের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করবে।
শিল্প ও বাণিজ্য সম্প্রসারণ: নারায়ণগঞ্জ একটি প্রধান শিল্পাঞ্চল হওয়ায় শিল্পকারখানার কাঁচামাল ও উৎপাদিত পণ্য দেশের বিভিন্ন অঞ্চলে দ্রুত পরিবহন ও সরবরাহ নিশ্চিত করতে এ সেতু গুরুত্বপূর্ণ বিকল্প যোগাযোগ অবকাঠামো হিসেবে কাজ করবে।
আইনশৃঙ্খলা ও জরুরি সেবা: পুলিশ, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবা দুর্গম বা বিচ্ছিন্ন এলাকায় দ্রুত পৌঁছাতে পারবে, যা প্রশাসনিক কার্যক্রম ও দুর্যোগকালীন উদ্ধার তৎপরতা জোরদার করবে।
মাননীয় সংসদ সদস্য মাধবী মার্মা এলাকার বৃহত্তর জনস্বার্থ, আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কৃষি ও শিল্পের বিকাশ, এবং রাজধানী ঢাকার ওপর আন্তঃআঞ্চলিক যানবাহনের চাপ কমানোর বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে আলীগঞ্জ-ডিরেক্টরিট ঘাটে অথবা অন্য কোনো সুবিধাজনক স্থানে শীতলক্ষ্যা নদীর ওপর সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই, প্রয়োজনীয় সমীক্ষা এবং পরবর্তী প্রকল্প গ্রহণের জন্য দ্রুত উদ্যোগ নেওয়ার বিশেষ অনুরোধ জানিয়েছেন।

