বিশ্ব অটিজম দিবসে হুইলচেয়ার বিতরণ করলেন জেলা প্রশাসক রায়হান কবির
বিশ্ব অটিজম দিবসে হুইলচেয়ার বিতরণ করলেন জেলা প্রশাসক রায়হান কবির

অটিজম কেনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান” এই প্রতিপাদ্যে নারায়ণগঞ্জে পালিত হয়েছে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬। এ উপলক্ষে ২০ জন অটিজম ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
বুধবার (১৩ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ ও সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুল হাসান তাপস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন আ ফ মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সিফাত উদ্দিন এবং অটিজম ফাউন্ডেশন নারায়ণগঞ্জের কনসালটেন্ট সানজিদা নুসরাত। এছাড়াও জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও অটিজম স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
র্যালি উদ্বোধন শেষে জেলা প্রশাসক অটিজমে আক্রান্ত ও বিশেষ চাহিদাসম্পন্ন ২০ জনের হাতে হুইলচেয়ার তুলে দেন। এসময় তিনি বলেন, “অটিজমে আক্রান্ত ব্যক্তিরা সমাজের বোঝা নয়, তারা সমাজেরই অংশ। তাদের শিক্ষা, প্রশিক্ষণ ও মানসিক বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে।” তিনি আরও জানান, অটিজম শিশুদের উন্নয়নে জেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে পরে নারায়ণগঞ্জে দিবসটি উদযাপন করা হয়।

