সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা-এর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৩ অক্টোবর ২০২৬) রাত সাড়ে সাতটার দিকে সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ) মো. শাহ আলম ও এএসআই (নিঃ) মো. হেমায়েত উদ্দিন পিপিএম-এর নেতৃত্বে একটি দল ৬ নম্বর ওয়ার্ডের আদমজী বাজার রোডসংলগ্ন আজমেরী হোটেলের সামনের পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় মো. গুলজার হোসেনকে (৪৮) ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার গুলজার হোসেন ঢাকার বংশাল থানার সিদ্দিক বাজারের মৃত নোয়াব আলীর ছেলে এবং বর্তমানে সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরীপাড়া পাহাড় ভিলা এলাকায় বসবাস করতেন।
অপরদিকে, একই থানার এসআই (নিঃ) মো. বেলাল উদ্দিনের নেতৃত্বে আরেকটি দল সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইব্রাহীমকে (৪৫) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইব্রাহীম সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকার মৃত কাশেমের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

