মানিক গ্রুপের তিন সন্ত্রাসী বিদেশি অস্ত্রসহ সিদ্ধিরগঞ্জে গ্রেফতার
মানিক গ্রুপের তিন সন্ত্রাসী বিদেশি অস্ত্রসহ সিদ্ধিরগঞ্জে গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ সংবদ্ধ সন্ত্রাসী ‘মানিক গ্রুপে’র ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (১৯ আগস্ট ২০২৬) রাত পৌনে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিতালী মার্কেটের ২ নম্বর ভবনের ৪র্থ তলার ৩১৩৬ নম্বর কক্ষে গোয়েন্দা পুলিশ এই ঝটিকা অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব মোঃ হাসিনুজ্জামান-এর তত্ত্বাবধানে ডিবি (ক-জোন)-এর অফিসার ইনচার্জ (ওসি) জনাব নজরুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল এ অভিযান চালায়। গ্রেফতারকৃত আসামিরা হলো:
এমরান সাকিব (২৬): পিতা- জসিম উদ্দিন, গ্রাম- দেবিদ্বার থানা পাড়া, থানা- দেবিদ্বার, জেলা- কুমিল্লা (বর্তমান ঠিকানা: সাহেবপাড়া, ফতুল্লা, নারায়ণগঞ্জ)।
নুর মোহাম্মদ মোঃ হৃদয় (২২): পিতা- আঃ কাদের, গ্রাম- গাজীরবাদ, থানা- লাকসাম, জেলা- কুমিল্লা (বর্তমান ঠিকানা: শান্তিধারা, ফতুল্লা, নারায়ণগঞ্জ)।
মোঃ জোবায়ের (২০): পিতা- জালাল আহম্মেদ ভুইয়া, গ্রাম- মেলকট, থানা- লাঙ্গলকোট, জেলা- কুমিল্লা (বর্তমান ঠিকানা: সাহেবপাড়া, ফতুল্লা, নারায়ণগঞ্জ)।
পুলিশ জানায়, সাইনবোর্ড ও সিদ্ধিরগঞ্জ এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তারা গোপনে বৈঠক করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, গত ১৮ আগস্ট ফতুল্লার শান্তিধারা এলাকায় তাদের প্রতিপক্ষ ‘মিলন-সাজিদ গ্রুপে’র সাথে মারামারি ও আগ্নেয়াস্ত্রের মহড়া প্রদর্শন করেছিল তারা।
১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি।
সাইকেলের স্পোক দিয়ে বিশেষ কায়দায় তৈরি ২টি কুড়াল, ১টি লোহার হাতলযুক্ত কুড়াল, ২টি ছুরি, ১টি টিপ চাকু এবং ১টি এসএস পাইপ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানানো হয়েছে, গ্রেফতারকৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এলাকাকে সন্ত্রাসমুক্ত রাখতে ডিবি পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

