সোনারগাঁয়ে ১৭০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সোনারগাঁয়ে ১৭০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৭০০ পিস ইয়াবাসহ স্বপন দত্ত (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গত ১৩ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে রাতে উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী এলাকা থেকে তাকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। সোনারগাঁ থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল ১৩ আগস্ট রাত আনুমানিক পৌনে নয়টার দিকে বুরুমদী গ্রামস্থ হাবিবুর রহমান পিয়ারের বাড়ির সামনের গেইটের সামনে বিশেষ অভিযান চালায়। এ সময় ১,৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বপন দত্তকে আটক করা হয়।
গ্রেফতারকৃত স্বপন দত্ত কুমিল্লার কোতোয়ালী থানার রানী দীঘির পাড় এলাকার মৃত রমনি দত্ত ও সন্ধ্যা রানী দত্তের ছেলে। বর্তমানে তিনি একই থানার রাজ মঙ্গলপুর গ্রামে বসবাস করতেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া থানার নথিপত্র ও সিডিএমএস (CDMS) পর্যালোচনা করে দেখা গেছে যে, তার বিরুদ্ধে ইতিপূর্বে আরও দুটি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
মাদকসহ যেকোনো অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশ তথা নারায়ণগঞ্জ জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

