চাষাঢড়ায় শুভ হত্যা মামলার পলাতক আসামি ধিমন নরসিংদী থেকে গ্রেফতার
চাষাঢড়ায় শুভ হত্যা মামলার পলাতক আসামি ধিমন নরসিংদী থেকে গ্রেফতার

নারায়ণগঞ্জের চাষাঢড়ায় হকার্স মার্কেটের পেছনে শ্রী শুভ চন্দ্র দাস (৩০) নামের এক যুবককে গুলি ও কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত এজাহারনামীয় ও পলাতক আসামি মোঃ সাকিব সরকার দিমুন ওরফে ধিমনকে (২৩) নরসিংদী থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ডিবির একটি চৌকস টিম নরসিংদী সদর থানার শিলমান্দী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ধিমন নারায়ণগঞ্জের ফতুল্লা থানার হাজীগঞ্জ পাঠানতলী এলাকার নাদির সরকারের ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১টার দিকে চাষাড়ার হকার্স মার্কেটের পেছনে দুর্গম এলাকায় এক যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলাচিপা এলাকার হরি চন্দ্র দাসের ছেলে শ্রী শুভ চন্দ্র দাসের গুলিবিদ্ধ ও চাকু দ্বারা ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সদর মডেল থানায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা (নং-০৮) দায়ের করেন।
ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর ও চাঞ্চল্যকর হওয়ায় নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার জনাব হাবিবুর রহমান তাৎক্ষণিকভাবে রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেফতারে কঠোর নির্দেশ দেন। ডিবি’র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে ডিবির একটি চৌকস টিম ২৪ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে ৩ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে দু’জন আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং অপর আসামি সুমনকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে আসামিদের জবানবন্দি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ধিমনের সম্পৃক্ততা নিশ্চিত করা হয়।
এরই ধারাবাহিকতায়, ১৬ সেপ্টেম্বর দুপুর ১টা ১০ মিনিটে ডিবির তদন্তকারী কর্মকর্তা এসআই মফিজুল ইসলাম, পিপিএম-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে নরসিংদীর শিলমান্দী থেকে ধিমনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামি ধিমনের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চেয়ে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

