ফতুল্লায় সাড়ে ১৫ কেজি গাঁজাসহ ‘ফাইটার মনির’সহ গ্রেপ্তার ৩
ফতুল্লায় সাড়ে ১৫ কেজি গাঁজাসহ 'ফাইটার মনির'সহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশি বিশেষ অভিযানে ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ধারালো কাঁচিসহ তিন জন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. মনির হোসেন ওরফে ‘ফাইটার মনির’ (৩৮) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ী রয়েছে।
শনিবার (১৩ জুন, ২০২৬) দিবাগত রাত আনুমানিক পৌনে ১২টার দিকে ফতুল্লা থানাধীন মাসদাইর গুদারাঘাট পতেঙ্গা এলাকায় এই সফল অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত অন্য দুই আসামি হলো— মো. নাঈম (৩০) ও মো. মাসুম (২৪)। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা সবাই মাসদাইর গুদারাঘাট এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। তাদের অপরাধের রেকর্ড (পিসিপিআর) যাচাই করে দেখা গেছে, প্রত্যেকের নামেই এর আগে একাধিক মাদক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। এসআই (নিরস্ত্র) মো. নন্দন চন্দ্র সরকারের নেতৃত্বে থানার একটি চৌকস আভিযানিক দল মাসদাইর গুদারাঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় আসামিদের তল্লাশি করে সাড়ে ১৫ কেজি গাঁজা এবং একটি ধারালো কাঁচি উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক, সন্ত্রাস ও যেকোনো অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

