ফতুল্লায় পুলিশ, র্যাব ও ডিবির যৌথ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৯
ফতুল্লায় পুলিশ, র্যাব ও ডিবির যৌথ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৯

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ, র্যাব ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক যৌথ অভিযানে মাদকসহ ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আসামিদের কাছ থেকে ১৬০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
শনিবার (১৩ জুন, ২০২৬) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের পাগলা, বৌ বাজার, শাহী মহল্লা ও নিশ্চিন্তপুর এলাকায় এই চিরুনি অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক কারবারি নিজাম উদ্দিনের (৩৪) কাছ থেকে ১৬০ পিস ইয়াবা এবং গনেশ রাজবংশীর (৪৭) কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত অন্য আসামিরা হলেন— জুবায়ের হোসেন আকাশ (২৪), সজিব (২৩), মামুন (২৬), নুর আলম বাবু (৪০), মো. নাসিম (৩০), সামাদ (২৭) ও মো. টুটুল (৩৯)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের অপরাধের রেকর্ড (পিসিপিআর) যাচাই করে তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব তারেক আল মেহেদীর তত্ত্বাবধানে এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ মাহবুব আলম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিনটি ইউনিটের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন স্পটে এই ঝটিকা অভিযান চালায়।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ২ জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা রুজু করা হয়েছে। এছাড়া বাকি আসামিদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক ও সন্ত্রাসসহ যেকোনো অপরাধ দমনে এই ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

