অপরাধ

নারায়ণগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার: রবিনের বিরুদ্ধে ৮ মামলা

নারায়ণগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার: রবিনের বিরুদ্ধে ৮ মামলা

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের এক বিশেষ অভিযানে ২০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার (১৫ জুন) দিনগত রাত ১১টা ৪০ মিনিটের দিকে সদর থানাধীন পাইকপাড়া এলাকার শাহসুজা রোডের একটি গলি থেকে তাদের গ্রেফতার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো: সাজেদুর রহমানের প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল পাইকপাড়া শাহসুজা রোডস্থ আক্কাস আলীর বাড়ির পশ্চিম পাশের গলিতে অভিযান চালিয়ে এই তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে মোট ২০৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

​গ্রেফতারকৃত আসামিরা হলেন— ১. ১নং বাবুরাইল মোবারক শাহ রোড এলাকার সুরুজ্জামালের ছেলে মো: নূরে আলম রবিন (৩৭), ২. পাইকপাড়া ছোট কবরস্থান এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মো: দোলন হোসেন (৪৭), এবং ৩. জল্লারপাড় মসজিদ গলির হাজী মহিউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া মো: রতনের ছেলে ইমাম হোসেন হৃদয় (২৬)।

​পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা প্রত্যেকেই পেশাদার মাদক ব্যবসায়ী। এদের মধ্যে মো: নূরে আলম রবিনের বিরুদ্ধে পূর্বের ৮টি এবং ইমাম হোসেন হৃদয়ের বিরুদ্ধে ৬টি মাদকসহ বিভিন্ন অপরাধের মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া আসামি দোলন হোসেনের বিরুদ্ধেও ১টি মামলা রয়েছে।

​সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের পাশাপাশি যেকোনো অপরাধ দমনে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

Back to top button