আমরা সবাই ভাই ভাই, কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলবো – এড. সাখাওয়াত
আমরা সবাই ভাই ভাই, কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলবো - এড. সাখাওয়াত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মহানগর বিএনপি গঠন প্রক্রিয়ার স্মৃতিচারণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নগর পৌর পাঠাগার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে মহানগর বিএনপির নেতা জাকির খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান । প্রধান বক্তা ছিলেন, মহানগর বিএনপির সাবেক
সিনিয়র সহ-সভাপতি এম.এ মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে এড. সাখাওয়াত হোসেন খান বলেন, মাত্র ছয় মাস হয়েছে একটি গুপ্ত সংগঠন মানুষকে উৎতপ্ত করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় এবং সরকারের উন্নয়ন কাজ বাঁধাগ্রস্ত করতে চায়। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে বিএনপির নাম শুনলে গুপ্ত সংগঠনের গাঁ কেপে ওঠে। আমাদেরকে এমনভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে করে সরকার ও তারেক রহমানের বিরুদ্ধে কোন কটুক্তি করার দুঃসাহস না দেখায়।
তিনি আরও বলেন, ১২ই ফেব্রুয়ারীর নির্বাচনে দেশের দ্বায়িত্ব গ্রহনের ৬ দিন পরেই প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে ডেকে পাঠান। ঐসময় তাঁর সাথে আমার অনেক কথা হয় কিন্তু এর মধ্যে তিনি একটি দ্বায়িত্ব আমাকে দেন সেটা হলো নারায়ণগঞ্জ বিএনপিকে ঐক্যবদ্ধ করা। আর সেই ঐক্যবদ্ধ করার অংশ হিসেবে আজ আমি আজকে এখানে এসেছি। আমরা সবাই ভাই ভাই, কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলবো। যাতে আগামীর পথ আমাদের মসৃন হয়। বিএনপিকে যাতে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেটাই আমাদের প্রত্যাশা থাকবে।
পারভেজ মল্লিকের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ুন কবীর, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, মহানগরের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল, মনিরুল ইসলাম রবি, ফখরুল ইসলাম মজনু, মনিরুজ্জামান মনির সহ প্রমুখ ।

