সারাদেশ

সিরাজগঞ্জে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর বাড়ির গেটে বজ্রপাতে আগুন

সিরাজগঞ্জে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর বাড়ির গেটে বজ্রপাতে আগুন

সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নিজ বাড়ির গেটের সামনে বজ্রপাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

​আজ বুধবার বেলা দেড়টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার হোসেনপুর এলাকায় মন্ত্রীর নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরে সিরাজগঞ্জে বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাত শুরু হয়। হঠাৎ করেই মন্ত্রীর বাড়ির মূল গেটের সামনে বজ্রপাত আঘাত হানলে সেখানে আগুন ধরে যায়। স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

​এ বিষয়ে মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আবু হেনা মোস্তফা নোমান জানান, বজ্রপাতে গেটের সামনে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে এবং আল্লাহর রহমতে এতে কেউ হতাহত হননি।

​সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুর রহমান জানান, বজ্রপাতের কারণেই মূলত এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Back to top button