নগর খানপুর পূজা মন্ডপ সহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ডিসি মোঃ রায়হান কবির
নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের উৎসবের আনন্দে শরিক হতে সোমবার (১৯ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার নগর খানপুর সার্বজনীন পূজা মণ্ডপসহ বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ও সন্তানসহ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ,মহানগর যুবদলের সভাপতি সজল এবং বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
মণ্ডপগুলো পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন এবং পূজার সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুৎ, পানি ও যাতায়াত ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসব যাতে সবাই নির্বিঘ্নে, শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নিরাপদে উদযাপন করতে পারেন, সে জন্য জেলা প্রশাসন সার্বিকভাবে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নারায়ণগঞ্জের ঐতিহ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

