আইন-আদালত

ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, হত্যা মামলা দায়ের

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার মোল্লা (কনস্টেবল নং-১৭৫৩) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত কনস্টেবল আনোয়ার মোল্লা এবং এএসআই (নিঃ) আব্দুস ছাত্তারের নেতৃত্বে পুলিশের একটি দল সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ফতুল্লা মডেল থানাধীন কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় যান।

​গত রোববার (২২ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ওই এলাকায় একদল দুর্বৃত্ত আকস্মিকভাবে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা ধারালো ছুরি দিয়ে কনস্টেবল আনোয়ার মোল্লাকে এলোপাতাড়ি আঘাত করলে তিনি গুরুতর জখম হন। সহকর্মীরা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টা ৪৫ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​নিহত কনস্টেবল আনোয়ার মোল্লা ঢাকা জেলার নবাবগঞ্জ থানার পাতিলঝাপ ডাকঘরের অধীন দত্তখন্ড গ্রামের জওন মোল্লা ও হাবিয়া বেগমের সন্তান। তিনি গত ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি অত্যন্ত নিষ্ঠা, সততা ও দক্ষতার সাথে দীর্ঘ ৮ বছর ৯ মাস ১২ দিন পুলিশ বাহিনীতে দায়িত্ব পালন করেছেন।

​এই হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার (২৩ নভেম্বর) ফতুল্লা মডেল থানার এসআই (নিঃ) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি এজাহার দাখিল করেন। এর প্রেক্ষিতে পেনাল কোডের ১৪৩/১৮৬/৩৫৩/৩৩২/৩৩/৩০২/৩৪ ধারায় ফতুল্লা থানায় একটি নিয়মিত হত্যা মামলা (মামলা নং-৬৭) রুজু করা হয়েছে। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ফতুল্লা মডেল থানার এসআই (নিঃ) মোঃ রফিককে (বিপিএম)।

​ঘটনার পর থেকেই জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

Leave a Reply

Back to top button