সারাদেশ

ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝুটের গোডাউন সহ কয়েকটি দোকান পুড়ে ছাই

ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝুটের গোডাউন সহ কয়েকটি দোকান পুড়ে ছাই

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে জুটের গোডাউনসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা আগুনে একটি জুটের গোডাউন, ভোজ্য তেলের পাম্পের একটি গোডাউন, গাড়ির ডেকোরেশন দোকান এবং সামনের কয়েকটি মুদির দোকান সম্পূর্ণভাবে পুড়ে হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

 

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় জেলা কারাগারের পাশের এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের আরও কয়েকটি স্থাপনায়, যার ফলে কিছু ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়। আগুনের তীব্র ধোঁয়া ও তাপে পাশের বহুতল ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

 

স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবী জুলফিকার হায়দার বিপ্লব বলেন, “সন্ধ্যা ছয়টার দিকে আগুন লাগার আগে এখানে ডিপিডিসির তারের নির্মাণকাজ চলছিল। কিছুক্ষণ পর আগুন লাগে এবং দ্রুত ছড়িয়ে পড়ে। এতে জুটের গোডাউন, তেলের পাম্পের গোডাউন, গাড়ির ডেকোরেশন দোকান এবং কয়েকটি মুদির দোকান পুড়ে যায়।”

 

ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি বলেন, “একটু ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাতের খবর পেয়েছি। অন্তত ১০ থেকে ১২টি দোকান পুড়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। কী পরিমাণ ক্ষতি হয়েছে এবং কীভাবে আগুন লেগেছে তা তদন্তের পর নিশ্চিত করা হবে। আপাতত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবি কাজ করছে।”

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (ঢাকা) এর সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, সন্ধ্যা ৭টা ১১ মিনিটে আগুনের খবর পেয়ে প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে আরও চারটি ইউনিট যুক্ত করা হয়। মোট আটটি ইউনিটের চেষ্টায় প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

 

তিনি আরও জানান, পাশের ১০ তলা ও ৬ তলা ভবনে আটকে পড়া কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

 

ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Back to top button