সারাদেশ

নারায়ণগঞ্জে বিচার বিভাগের ডেঙ্গু নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

নারায়ণগঞ্জে বিচার বিভাগের ডেঙ্গু নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

​

​ডেঙ্গু প্রতিরোধ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে জেলা বিচার বিভাগ। আজ ১০ই অক্টোবর শনিবার সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

​নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে. এম. মহিউদ্দিনের নেতৃত্বে বিচার বিভাগের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও আইনজীবীরা এই অভিযানে অংশ নেন।

​অভিযান চলাকালে আদালত প্রাঙ্গণ ও আশপাশের জমে থাকা পানি, মশার প্রজননস্থল এবং পরিত্যক্ত আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ প্রতিপাদ্যে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে বাসাবাড়ির ছাদ, ফুলের টব, টায়ার বা নির্মাণাধীন ভবনে পানি জমতে না দেওয়া এবং মশার কামড় থেকে সুরক্ষায় বিশেষ সতর্কতার পরামর্শ দেওয়া হয়।

​আয়োজকরা জানান, সরকারি নির্দেশনার আলোকে আদালত প্রাঙ্গণ মশক মুক্ত রাখা এবং প্রাতিষ্ঠানিক সচেতনতা তৈরি করতেই এই উদ্যোগ। ডেঙ্গু প্রতিরোধে সাময়িক অভিযানের পাশাপাশি সবার নিয়মিত পরিচ্ছন্নতা ও দায়িত্বশীল আচরণ অব্যাহত রাখার ওপরও জোর দেন তাঁরা।

Leave a Reply

Back to top button