সারাদেশ

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ (বুধবার) নারায়ণগঞ্জ জেলা পুলিশের আয়োজনে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং আগস্ট ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ লাইনস্ মাঠে আয়োজিত এসব কার্যক্রমে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান।

​সকাল ০৮:০০ ঘটিকায় পুলিশ লাইনস্ মাঠে সুশৃঙ্খল মাস্টার প্যারেডের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পদস্থ কর্মকর্তা ও সদস্যগণ অংশগ্রহণ করেন।

​এরপর সকাল ১০:০০ ঘটিকায় পুলিশ লাইনস্ ড্রিল শেডে অনুষ্ঠিত হয় মাসিক কল্যাণ সভা। সভায় বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও পুলিশ সদস্যরা তাদের পেশাগত ও ব্যক্তিগত বিভিন্ন বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় উত্থাপিত বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সমস্যা সমাধানের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

​আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং ক্লুলেস মামলার রহস্য উদঘাটনে বিশেষ অবদান রাখায় অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য সাফল্যগুলো হলো:

​বিশেষ পুরস্কার: বন্দর থানায় ইসলামী আন্দোলনের কর্মী বুলবুল হত্যা মামলার দুর্ধর্ষ সন্ত্রাসী শেখ সিফাতসহ ১১ জন আসামিকে মাত্র ৬ ঘণ্টার মধ্যে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) জনাব দীপংকর ঘোষ এবং বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জামাল উদ্দিন বিশেষ পুরস্কার লাভ করেন।

​শ্রেষ্ঠ এসআই: ৫৬টি গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি করে শ্রেষ্ঠ এসআই (নিঃ) মোঃ রমজান হোসেন পুরস্কৃত হন।

​শ্রেষ্ঠ এএসআই: ৩৮টি পরোয়ানা তামিল এবং মাদক উদ্ধারে ভূমিকা রাখায় শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন জনাব আনোয়ার হোসেন।

​শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার: ৭৬ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবাসহ ৫ জন আসামি গ্রেফতারের জন্য এসআই মোঃ আবু সাদেক এই স্বীকৃতি পান।

​শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধার ও ডিটেকশন অফিসার: সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ডাকাতির রহস্য উদঘাটন, লুণ্ঠিত গাড়ি এবং অস্ত্র উদ্ধার করায় এসআই নন্দন চন্দ্র সরকার পুরস্কৃত হন।

​ক্লুলেস মামলা ডিটেকশন: ডাকাতি মামলায় স্বর্ণ উদ্ধার ও ৫৮ ঘণ্টার মধ্যে ৩ জন অপহৃত ভিকটিমকে উদ্ধার করায় এসআই মফিজুল ইসলাম পিপিএম এবং শ্রেষ্ঠ ডিবি অফিসার হিসেবে এসআই (নিঃ) মিঠুন কুমার দত্ত পুরস্কৃত হন।

এছাড়াও দায়িত্ব পালনে উৎকর্ষতা প্রদর্শনের জন্য ডিএসবি ও এসএএফ-এর বেশ কয়েকজন সদস্যকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

​দুপুর ১২:০০ ঘটিকায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আগস্ট ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আগস্ট মাসের অপরাধ পরিসংখ্যান, মামলার অগ্রগতি ও সার্বিক আইনগত কার্যক্রম তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব তারেক আল মেহেদী।

​সভায় পুলিশ সুপার মহোদয় মাদক ও অস্ত্র উদ্ধার জোরদারকরণ, গ্রেফতারি পরোয়ানা শতভাগ তামিল এবং জননিরাপত্তা নিশ্চিত করার কঠোর নির্দেশ দেন।

​উক্ত সভায় সিআইডি নারায়ণগঞ্জের প্রধান জনাব মোঃ জাকির হোসেন, পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ মোস্তফা কামাল রাশেদ বিপিএম, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ এর পুলিশ সুপার জনাব আবদুল্লাহ আল-মাহমুদসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Back to top button