রূপায়ণের বিপ্লবের বিরুদ্ধে প্রতারক ইরফান দম্পতির আনিত অভিযোগ সত্যতা মেলেনি
নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

রুপায়ণের বিপ্লবের বিরুদ্ধে প্রতারক ইরফান দম্পতির আনিত অভিযোগের সত্যতা পাওয়া যায়নি
গত কয়েক দিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন গণমাধ্যমে ভুঁইঘর রূপায়ন এলাকার বিপ্লব নামের এক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হচ্ছে। প্রকাশিত এসব সংবাদে দাবি করা হয়, বিপ্লবের ভয়ে রূপায়ন এলাকার এক বাসিন্দা ইরফান পাঠান নিজের বাসায় পর্যন্ত উঠতে পারছেন না। তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করতে সরেজমিনে এলাকায় গিয়ে পাওয়া গেছে ভিন্ন ধরনের বক্তব্য। স্থানীয় একাধিক বাসিন্দা ও সংশ্লিষ্টদের বক্তব্যে উঠে এসেছে ইরফান পাঠান ও তাঁর পরিবারের বিরুদ্ধে নানা অভিযোগ।
সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বিপ্লবের বিরুদ্ধে ইরফান পাঠানের করা চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগের সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল নেই বলে দাবি করছেন এলাকাবাসীর অধিকাংশ। তাঁদের বক্তব্য, বিপ্লবের কাছে এলাকার বেশ কয়েকজন ব্যক্তি ইরফান ও তাঁর পরিবারের কাছে পাওনা টাকা আদায় এবং বিভিন্ন সমস্যার সমাধানের জন্য গিয়েছেন। ইরফান পাঠান ও তাঁর পরিবারের কাছে অনেকের টাকা পাওনা রয়েছে এমনকি তাঁদের বসবাস করা ২২ মাসের বাসার ভাড়াও দীর্ঘদিন ধরে বকেয়া রয়েছে। এসব পাওনাদার ব্যক্তি তাঁদের সমস্যার সমাধানের আশায় বিপ্লবের কাছে গিয়েছিলেন বলে জানান স্থানীয়রা।
এলাকাবাসীর অভিযোগ, পাওনা টাকা ও অন্যান্য বিষয় নিয়ে স্থানীয়দের সঙ্গে বিরোধের জেরে বিপ্লবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলা হয়েছে।শুধু আর্থিক লেনদেন নয়, ইরফানদের পরিবারের বিরুদ্ধে বাসার অন্যান্য ভাড়াটিয়াদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগও তুলেছেন স্থানীয় কয়েকজন। তাঁদের আরও অভিযোগ, একটি বোবা কুকুরকে দীর্ঘদিন ধরে ছোট একটি খাঁচায় আটকে রাখা হয়েছে। পর্যাপ্ত চলাফেরার সুযোগ না পাওয়ায় প্রাণীটির দুই পা পঙ্গু হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেছেন তাঁরা।
অন্যদিকে, স্থানীয়দের অনেকেই বিপ্লবের পক্ষে বক্তব্য দিয়েছেন। তাঁদের দাবি, বিপ্লব এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ান এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সহযোগিতা করেন। এলাকাবাসীর কাছে তাঁর বিরুদ্ধে খারাপ কোনো অভিযোগ শোনেননি বলেও জানিয়েছেন কয়েকজন।
বিপ্লবের বক্তব্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সত্য প্রমাণিত হলে আইন যে শাস্তি দেবে, তিনি তা মাথা পেতে নেবেন। আর অভিযোগ প্রমাণিত না হলে তাঁর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া ব্যক্তিদের বিচার তিনি সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিয়েছেন। তাঁর দাবি, তিনি কারও কাছে বিচার চাইবেন না; তাঁর রবই এর ফয়সালা করবেন।

