আদমদীঘিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অটোরিকশাচালকের মৃত্যু!!
আদমদীঘিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অটোরিকশাচালকের মৃত্যু!!

বগুড়ার আদমদীঘিতে ছিনতাইকারীদের হামলার শিকার হয়ে সোলায়মান আলী (৬০) নামে এক অটোরিকশাচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার সান্তাহার-ছাতিয়ানগ্রাম সড়কের হেমতখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোলায়মান আলী সান্তাহার পৌর শহরের বশিপুর সরদারপাড়া মহল্লার বাসিন্দা। তিনি মৃত ওসমান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে সোলায়মান আলী অটোরিকশা নিয়ে নওগাঁ সদর উপজেলার খয়রাবাদ গ্রাম থেকে সান্তাহারের উদ্দেশ্যে রওনা হন। পথে হেমতখালী এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাঁর গতিরোধ করে। এ সময় তারা অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সোলায়মান বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা তাঁকে বেধড়ক মারধর করে এবং একপর্যায়ে ছুরিকাঘাত করে। পরে অটোরিকশাটি ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায় তারা।
সোলায়মানের চিৎকার শুনে স্থানীয় গ্রামবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
একজন অটোরিকশাচালকের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

