সারাদেশ

‘জয় বাংলা’ স্লোগানে নভেম্বরে গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় হামলার অভিযোগ ড. ইউনূসের

‘জয় বাংলা’ স্লোগানে নভেম্বরে গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় হামলার অভিযোগ ড. ইউনূসের

চলতি নভেম্বর মাসের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রলবোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা চালানোর অভিযোগ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। এ নভেম্বর মাসেই দেশব্যাপী গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলা হয়েছে বলে তার অভিযোগ।

 

তিনি বলেন, ‘চট্টগ্রামে আমার নিজের বাড়িও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এই বাড়ি থেকেই আমার কাজের সূচনা হয়েছিল, যা পরবর্তীতে গ্রামীণ ব্যাংকে রূপ নেয়। আমার দুই ছোট ভাই তাদের পরিবার নিয়ে সেখানে বসবাস করেন।’

সোমবার দেওয়া এক বিবৃতিতে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন। বিবৃতিতে তিনি বলেছেন, হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে। প্রতিদিন একই ধরনের হামলা চালানোয় প্রমাণ হয় অপরাধীরা ওপরের মহল থেকে নির্দেশনা পাচ্ছে।

 

এসব হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে এবং জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে থাকা গ্রামীণ ব্যাংকের বন্ধুদেরও হামলার পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের বিরুদ্ধে ভূমিকা রাখার আহ্বান জানান।

 

গ্রামীণ ব্যাংকের ওপর ধারাবাহিক হামলাগুরোকে দরিদ্র নারীদের নিরাপত্তা, স্বাধীনতা ও তাদের সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত বলে উল্লেখ করেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। এই নারী ঋণগ্রহীতারাই ব্যাংকটির মালিক।

কয়েকটি ঘটনায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা প্রাণঘাতী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করেছেন ড. ইউনূস। তিনি বলেছেন, এসব হামলায় লাখ লাখ গ্রামীণ নারী আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের কাছে ব্যাংকটি পরিবারের ভরণপোষণ, সন্তানদের পড়াশোনা ও দৈনন্দিন প্রয়োজন মেটানোর গুরুত্বপূর্ণ অবলম্বন।

 

সহিংসতা শুধু গ্রামীণ ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ নেই বলে বিবৃতিতে উল্লেখ করেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। অধ্যাপক ইউনূস বলেন, একই ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখসারিতে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও অগ্নিসংযোগ করা হয়েছে।

 

গ্রামীণ ব্যাংকের মালিকানা ও পরিচালনায় নিজের কোনো সম্পৃক্ততা নেই বলেও বিবৃতিতে উল্লেখ করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এর পর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনায় তার কোনো সম্পৃক্ততা নেই। ব্যাংকটির কোনো শেয়ারের মালিক তিনি নন, কখনো ছিলেনও না।

 

বিবৃতিতে বলা হয়, গ্রামীণ ব্যাংক তার ঋণগ্রহীতা, কর্মকর্তা-কর্মচারী ও গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চেয়েছে। দরিদ্র নারীদের জন্য ব্যাংকটির সেবা যাতে বাধাগ্রস্ত না হয়, সে জন্য এ নিরাপত্তা চাওয়া হয়েছে।

 

হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে প্রতিটি অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Back to top button