সারাদেশ

দালাল নয়, যোগ্যতাই হবে চাকুরীর মাপকাঠি — স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের আশ্বাস দিলেন এসপি হাবিবুর রহমান 

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

 

 

“সেবার ব্রতে চাকরি” এই স্লোগানে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা আজ ১৯ নভেম্বর ২০২৬ খ্রি. (বৃহস্পতিবার) সকাল ০৮:০০ ঘটিকা হতে শুরু হয়েছে।

 

নিয়োগের ১ম দিনে নারায়ণগঞ্জ জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা এর প্রতিনিধি ড. মাসুরা বেগম, এআইজি (এমটি অ্যান্ড ওয়ার্কশপ) ও নিয়োগ বোর্ডের সদস্য শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), গাজীপুর; মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মানিকগঞ্জ; ডা. শহিদুল ইসলাম খান, মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস, নারায়ণগঞ্জ এবং ডা. জাহানারা আক্তার, মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস, নারায়ণগঞ্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের উপস্থিতিতে চাকরি প্রত্যাশীদের শারীরিক মাপ ও প্রাথমিক কাগজপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।

 

পুলিশ সুপার মহোদয় চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, কনস্টেবল পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত। যে সকল পরীক্ষার্থী শারীরিক পরীক্ষায় যোগ্য বিবেচিত হয়ে অন্যান্য সকল পরীক্ষায় ভাল করবে শুধুমাত্র তারাই কনস্টেবল পদে নিয়োগ পাবে। যারা ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত হবে তারা তাদের নিজ যোগ্যতায় নিয়োগপ্রাপ্ত হবে বিধায় তারা এবং তাদের পরিবার যেন কোন প্রকার প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পরে।

 

আজকে পুরুষ ও নারী মিলে ৩২২ জন প্রার্থীর মধ্যে ২২২ জন প্রাথমিকভাবে বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আগামী ২০ ও ২১ নভেম্বর ২০২৬ খ্রি. প্রার্থীরা Physical Endurance Test এ অংশগ্রহণ করবে।

 

নারায়ণগঞ্জ পুলিশ সুপার আরো বলেন, আমরা চাই মেধাবী, শারীরিকভাবে সক্ষম ও দেশপ্রেমিক তরুণরা পুলিশ বাহিনীতে আসুক। নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। কেউ টাকার বিনিময়ে চাকরির প্রলোভন দেখালে সাথে সাথে আমাদের জানাবেন, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Back to top button