পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে চাষাড়া শহীদ মিনারে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এড. ফজলুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রাচ্যের ডান্ডি খ্যাত ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জের ঐতিহাসিক গুরুত্ব অনেক। নারায়ণগঞ্জ ইতিহাস যদি বলি তাহলে সেটা হবে তিন হাজার বছরের পুরনো ইতিহাস। কিন্তু শেখ হাসিনার ১৬ বছরের শাসন আর শোষনে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে সবচাইতে বেশি গলাটিপে হত্যা করা হয়েছে। শেখ হাসিনা নিশী রাতে ভোট করেছে, সাধারণ মানুষ এমপিদের বলেছে নিশী রাতের এমপি। ২০২৪ সালে সারাদেশে ভোটার ছিলো মাত্র একজন, তার নাম হলো শেখ হাসিনা। যাকেই নমিনেশন দিতো একা ভোট দিয়ে তাতে এমপি বানাতো। হাজার হাজার মানুষ নির্যাতিত হয়েছে, বিএনপির লাখ লাখ নেতাকর্মীকে মামলা দিয়েছে। এ দেশটা হয়ে গিয়েছিলো একটা গাজা উপত্যকা।
তিনি আরও বলেন, শেখ হাসিনার অত্যাচারের মাত্রা যখন ছাড়িয়ে গিয়েছিলো; হাজার হাজার মানুষ মামলা-হামলার শিকার হয়েছিলো তখন আমি বলেছিলাম শেখ হাসিনা দিন কিন্তু এমন যাবে না। শেখ হাসিনা যেদিন চলে যাবে আমি বলেছিলাম আর মাত্র ২৪ ঘন্টা শেখ হাসিনা থাকবে। আজকে কোথায় সে, কোথায় তার ক্ষমতা। আর এখন বিদেশে থেকে বলে আজ আসবো, কাল আসবো। তারেক রহমানের নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেশ পরিচালনা করার যোগ্যতা আমাদের নেতা তারেক রহমানের রয়েছে। এ দেশের কেউ সহসা ধাক্কা দিয়ে বিএনপিকে ফেলে দিবে এটা মনে করার কারন নেই। কিন্তু আপনি আপনার গলায় সাপ পেচিয়ে রেখেছেন। যারা বিভিন্ন সময় অপরাধ করেছে তাদের যদি খালাতো ভাই মনে করেন তাহলে ভু্ল করবেন। জামাতের মতো মুনাফেক দল পৃথিবীতে আর একটিও নেই, এটা আমার কথা না সারা পৃথিবীর কথা। আপনারা সাপকে বিশ্বাস করবেন জামায়াতকে না। একটা সাপ আর একটা জামায়াত যদি একসাথে সামনে পড়ে তাহলে আগে জামায়াতের ব্যাপারে সিদ্ধান্ত নিবেন পরে সাপটি মারবেন।
সমাবেশে মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, এড. সরকার হুমায়ুন কবীর, ফতেহ মোঃ রেজা রিপন, আবুল কাউছার আশা, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধান, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, আলীরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির নেতা মনিরুল ইসলাম সেন্টু সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আগত কয়েক শতাধিক নেতাকর্মী।

