সোনারগাঁয়ে ১০ মামলার পলাতক আসামি দুর্ধর্ষ ‘ব্লেড সজিব’ গ্রেফতার
সোনারগাঁয়ে ১০ মামলার পলাতক আসামি দুর্ধর্ষ ‘ব্লেড সজিব’ গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ও দুর্ধর্ষ ডাকাত সজিব ওরফে ব্লেড সজিবকে (৩০) গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের দিকনির্দেশনা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব তারেক আল মেহেদী মহোদয়ের সার্বিক তত্ত্বাবধান এবং অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল জনাব দীপংকর ঘোষ মহোদয়ের তদারকিতে এই অভিযান পরিচালিত হয়। সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে সোনারগাঁ থানার একটি চৌকস আভিযানিক দল অদ্য ১৮ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে ভোর ৪:৩০ মিনিটের দিকে উপজেলার তালতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ডাকাত সজিব ওরফে ব্লেড সজিব সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার মো. শহিদুল্লাহর ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সজিবের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও ডাকাতির প্রস্তুতিসহ মোট ১০টি মামলা বিচারাধীন রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

