বিবিধ

বন্দরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যা, নাপিত স্বামী পলাতক

বন্দরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যা, নাপিত স্বামী পলাতক

নারায়ণগঞ্জের বন্দরে পারিবারিক কলহের জের ধরে সাথী (৩৫) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। আজ বুধবার (১৭ জুন, ২০২৬) বিকেলে বন্দর উপজেলার পুরান বন্দর কলাবাগ এলাকার ইব্রাহিম মিয়ার বাড়ির তৃতীয় তলার একটি ভাড়া বাসায় এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী জনি (৩৭) পলাতক রয়েছে।

​নিহত সাথী ঢাকার মিরপুর এলাকার রাজু মিয়ার মেয়ে। অভিযুক্ত জনি পেশায় একজন নাপিত। ১৯ বছরের দাম্পত্য জীবনে তাদের ১৭ বছর বয়সী একটি কন্যাসন্তান (লামিয়া) ও ১৪ বছর বয়সী একটি পুত্রসন্তান (আমান) রয়েছে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জনি ও সাথী দম্পতি গত ৩-৪ বছর ধরে কলাবাগ এলাকার ওই বাড়িতে ভাড়া থাকতেন। দীর্ঘ ১৯ বছরের দাম্পত্য জীবনে তাদের মধ্যে প্রায়ই নানা বিষয় নিয়ে পারিবারিক কলহ লেগে থাকত। প্রতিদিনের মতো আজ বুধবার বিকেলেও স্বামী-স্ত্রীর মধ্যে প্রচণ্ড কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জনি ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে সাথীর গলায় উপর্যুপরি আঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই সাথীর মৃত্যু হয়। স্ত্রীকে হত্যার পর জনি দ্রুত বাসা থেকে পালিয়ে যান।

​ঘটনার সময় তাদের বড় মেয়ে লামিয়া শ্বশুরবাড়িতে এবং ছোট ছেলে আমান কর্মক্ষেত্রে ঢাকায় থাকায় বাসায় কেউ ছিল না। পরে প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

​এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে, তাকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Back to top button