জাতীয়

ফতুল্লার ৪ ইউনিয়ন সিটিতে নিতে কত দেরি? সংসদে প্রশ্ন এমপি আল আমিনের

ফতুল্লার ৪ ইউনিয়ন সিটিতে নিতে কত দেরি? সংসদে প্রশ্ন এমপি আল আমিনের

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন চারটি ইউনিয়ন ফতুল্লা, কুতুবপুর, এনায়েতনগর ও কাশীপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভূক্ত করে নাগরিক সমস্যা নিরসনে কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চেয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

 

সোমবার (২৭ এপ্রিল) সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে এ প্রশ্ন রাখেন এমপি আল আমিন।

 

তিনি মন্ত্রীর কাছে এ বিষয়ে বিস্তারিত বিবরণ ও বাস্তবায়নের সম্ভাব্য সময়সীমাও জানতে চেয়েছেন।

 

উত্তরে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের অধীন চারটি ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভূক্ত করার জন্য প্রক্রিয়া চলমান রয়েছে। এ ব্যাপারে সীমানা পরিবর্তনের জন্য মতামত চেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে। যদিও এখনো জেলা প্রশাসকের কার্যালয় মতামত দেয়নি বলেও জানান মন্ত্রী।

 

সদর উপজেলার সাতটি ইউনিয়ন নিয়ে নারায়ণগঞ্জ-৪ সংসদীয় আসন গঠিত। এরমধ্যে শিল্পসমৃদ্ধ ফতুল্লা অঞ্চলের ভেতরে থাকা চারটি ইউনিয়নকে সিটি কর্পোরেশনের সঙ্গে সংযুক্ত করার দাবি জানিয়ে আসছিলেন এমপি আব্দুল্লাহ আল আমিন।

 

এর আগেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী কাশীপুর ও এনায়েতনগরের বেশকিছু অংশ সিটিতে সংযুক্ত করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু অভিযোগ রয়েছে, ওই সময় সংসদ সদস্য শামীম ওসমানের ব্যক্তিস্বার্থ বাস্তবায়নের কারণে জেলা প্রশাসকের কার্যালয় থেকে অবাস্তবিক সুপারিশ করা হয়েছিল।

 

ফলে, এসব এলাকা সিটিতে সংযুক্ত হতে পারেনি। যদিও এসব এলাকায় ইতোমধ্যে নগরায়ন হয়ে গেছে বলে জানাচ্ছেন স্থানীয়রা। সিটিতে যুক্ত না হওয়ায় তারা পর্যাপ্ত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

Leave a Reply

Back to top button