রাজনীতি

ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যা’গ চেয়ে পোস্ট, সখীপুর উপজেলা যুবদল নেতা বহিষ্কার

ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যা'গ চেয়ে পোস্ট, সখীপুর উপজেলা যুবদল নেতা বহিষ্কার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আমার মনে কষ্ট, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’ লিখে স্ট্যাটাস দেওয়ায় টাঙ্গাইলের সখীপুর উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এস এম রফিকুল বারীকে (রুবেল চৌধুরী) দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এই সিদ্ধান্ত গ্রহণ করে এবং এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। জানা যায়, রফিকুল বারী তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে ওই পোস্ট দেওয়ার পর স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে দাবি করেন যে মন্ত্রীর ভুল সিদ্ধান্তের কারণে দলের শীর্ষ নেতৃত্বের রাজনৈতিক ক্ষতি হচ্ছে। যুবদলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়, ফেসবুকে সরকার ও দলের জ্যেষ্ঠ নেতাদের সম্পর্কে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করার মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগে তাঁকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব স্তরের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত কার্যকর করেন। এদিকে বহিষ্কারের পর রফিকুল বারী তাঁর ফেসবুক পোস্টটি মুছে ফেলেন এবং প্রতিক্রিয়া জানিয়ে বলেন যে তিনি যুবদল থেকে বহিষ্কৃত হলেও বিএনপি থেকে নন এবং শহীদ জিয়ার আদর্শ লালন করে তিনি আমৃত্যু সত্য কথা বলে যাবেন। সখীপুর উপজেলা যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগেও দলীয় শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাঁকে একাধিকবার সতর্ক করা হয়েছিল।

Leave a Reply

Back to top button