
নারায়ণগঞ্জ উন্নয়ন কতৃপক্ষের আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমন।
মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, নদী, জলাশয় ও কৃষিজমি ধ্বংস করে যে উন্নয়ন করা হয়েছে তা দেশ ও মানুষের কোন কাজে আসেনি। অবৈধভাবে অর্থ উপার্জন ও তা পাচারের উদ্দেশ্যে এসব প্রকল্প গ্রহন করা হয়েছে। পরিকল্পিত নগরায়ন ও ভবন নির্মানের ক্ষেত্রে বিদ্যমান আইন ও বিধিমালার সঠিক প্রয়োগ ছিলোনা। মেগা প্রকল্পের আড়ালে দেশ থেকে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে। অনেক প্রকল্পের কাজ সময়মতো শেষ করা হয় নি।
দেশে দ্রুত নগরায়নের ফলে মানুষ শহরমুখী হচ্ছে। সীমিত জমির বিপরীতে আবাসন চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। একদিকে খাদ্য নিরাপত্তার জন্য কৃষিজমি রক্ষা অন্যদিকে শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা অত্যন্ত জরুরী। এমতাবস্থায় জমির সঠিক ব্যবহার নিশ্চিত করে একটি নিরাপদ ও টেকসই শহর গড়ে তোলা সময়ের দাবী।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ উন্নয়ন কতৃপক্ষ সৃষ্টির পূর্বে রাজউক’র মাধ্যমে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হতো। এখন থেকে নারায়ণগঞ্জের উন্নয়ন হবে দীর্ঘমেয়াদি ও টেকসই। নদী, জলাশয় ও কৃষিজমি রক্ষার্থে আধুনিক বর্জ্যব্যবস্থাপনা, যানজট নিরসন ও পরিবেশের ভারসাম্য রজায় রেখে পরিকল্পিত নগরায়ন করাই হবে এ কতৃপক্ষের মূল অগ্রাধিকার।
মন্ত্রী নাউক কতৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা স্বচ্ছতা, জবাবদিহিতা ও শ্রদ্ধার সাথে জনগণের সেবা নিশ্চিত করবেন। কোনো নাগরিক যেন কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত না হয়। আইন লঙ্ঘন করে ভবন নির্মান ও আবাসন গড়ে তোলার সুযোগ আর নেই। এ সম্পর্কিত আইন আপনারা কঠোরভাবে নিশ্চিত করবেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ এড. আবুল কালাম, ২ আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোঃ রেজা রিপন, আবু সাদাত সায়েম, স্বপন আহমেদ, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরিফ মায়া প্রমুখ নেতৃবৃন্দ।

