পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে যুবদলের সমাবেশ ও মিছিল
পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে যুবদলের সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২টায় মহানগর যুবদলের উদ্যোগে এ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সংগঠনের অপতৎপরতা, যারা এদেশে হাজার হাজার মানুষকে হত্যা করে পালিয়ে গেছে তাদের এই ফ্যাসিবাদী দোসররা বর্তমানে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। আমরা যুবদলের নেতাকর্মীরা তাদের এই অপতৎপরতা রুখে দিবো।
গত ১৭ বছর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন সহ প্রশাসন লীগের বিরুদ্ধে মাঠে আন্দোলন সংগ্রাম করে বিএনপিকে ক্ষমতায় এনেছি। আমাদের ভাই ও সন্তানদের হত্যা করে আওয়ামী লীগ আর কোনদিন এদেশে রাজনীতি করতে পারবেনা। আওয়ামী তৎপরতার সাথে দেশের বর্তমান বিরোধী দল উস্কানি দিতে চায়।
এই বিরোধী দল এতবছর গুপ্ত ছিলো আর আজকে লক্ষ লক্ষ লিটার তেল পুড়ে লংমার্চ করে বলে তেল নাই, বিদ্যুৎ নাই, গ্যাস নাই। তোমরা গুপ্ত ছিলে গুপ্তই থাকো, মানুষের ক্ষতি করার চেষ্টা করোনা। যদি আগামী পাঁচ বছর পর দেশের মানুষ মনে করে বিএনপি দেশ পরিচালনায় ব্যর্থ তাহলে আমাদের ভোট দিবে না। এর মধ্যে যতই ষড়যন্ত্র করা হোক না কেনো সকল ষড়যন্ত্র রুখে দিতে জাতীয়তাবাদী যুবদল রাজপথে আছে এবং থাকবে।
সদস্য সচিব শাহেদ আহমেদ বলেন, জুলাই আন্দোলনে আমরা সামনের সারিতে থেকে আন্দোলন সংগ্রাম করেছি। ওসমানীয় সন্ত্রাসীদের চোঁখ রাঙানিতে কখনো ভয় পাই নি। কিন্তু এখন যে ষড়যন্ত্র চলছে সেটা হলো বিগত ১৭ বছরের দূর্ণীতিতে কামানো অর্থ দিয়ে সন্ত্রাসীদের মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা। এখনো তাদের লোকগুলো বিরাজমান, নতুন রুপে নতুন ভাবে।
মহানগর যুবদল এখন অনেক বেশী শক্তিশালী। নারায়ণগঞ্জের মাটিতে কোন অন্যায় অপকর্ম প্রশ্রয় দেয়া হবে না। আমাদের প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীরা সজাগ রয়েছেন আরো বেশী সচেতন থাকতে হবে। যেখানেই অন্যায় অপকর্ম বা ফ্যাসিস্টদের দোসররা শান্ত পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদেরকে শক্ত হাতে দমন করা হবে।
মিছিলটি শহরের খানপুর হাসপাতালের সামনে থেকে বের হয়ে চাষাড়া গোল চত্বরে এসে শেষ হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ অপু, বিপ্লব আহমেদ, মাসুদ সহ কয়েক শতাধিক নেতাকর্মী।

