রাজনীতি

জ্বালানী তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জ্বালানী তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দফায় দফায় জ্বালানী তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এসময় মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল জব্বার বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতির উপর দাঁড়িয়ে সাধারণ মানুষ বেসরকারীভাবে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছিলো। বর্তমান সরকার দফায় দফায় জ্বালানী তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে মানুষের সাথে কোন বিশ্বাসযোগ্য আচরণ করতে পারেনি। মূল্যবৃদ্ধির কারনে খাদ্যদ্রব্য থেকে শুরু করে সবকিছুতে এর প্রভাব পড়বে। যার দরুন সাধারণ মানুষের পক্ষে জীবনধারন করা কষ্টসাধ্য হয়ে পড়বে।

তিনি আরও বলেন, কিছুদিন পূর্বে যখন কোন পাম্পে তেল পাওয়া যাচ্ছিলোনা তখন মূল্যবৃদ্ধির সাথে সাথে এত তেল কোথা থেকে আসলো সেটা আমরা সরকারের কাছ থেকে জানতে চাই। এভাবে দামবৃদ্ধি করে দেশে একটি সংকট তৈরি করা হচ্ছে কিনা সেটা আমরা জানতে চাই। জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি নির্বাচিত সরকার যদি এমন জনবিরোধী সিদ্ধান্ত বার বার চাপিয়ে দেয়া তাহলে জনগণ পূণরায় বিক্ষোভে রাজপথে নেমে আসবে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মিশনপাড়া মোড় থেকে বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন করে।

 

বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আব্দুল কাইয়ূম, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন এবং নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Back to top button