বিবিধ

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

 

নারায়ণগঞ্জে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও মাদক নির্মূলের দৃঢ় অঙ্গীকার নিয়ে অনুষ্ঠিত হলো এক ভাবগম্ভীর সুধী সমাবেশ। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া বড় কবরস্থান এলাকায় স্থানীয় পাইকপাড়া যুবসমাজের উদ্যোগে এই ব্যতিক্রমি সভার আয়োজন করা হয়। মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র এবং নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশের সিনিয়র সহ-সভাপতি আফসানা আফরোজ বিভা (বিভা হাসান)। উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধে কেবল সভা-সমাবেশ কিংবা আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, এর জন্য প্রয়োজন সমাজের সকল স্তরের মানুষের ইস্পাতকঠিন সামাজিক ঐক্য।

 

মাদকমুক্ত এলাকার অনন্য দৃষ্টান্ত তুলে ধরে তিনি পার্শ্ববর্তী জিমখানা এলাকার উদাহরণ দেন। তিনি উল্লেখ করেন, একসময় জিমখানা ছিল নারায়ণগঞ্জ অঞ্চলের মাদক বেচাকেনার এক নম্বর হটস্পট। কিন্তু স্থানীয়দের সুদৃঢ় সামাজিক প্রতিরোধের কারণে এলাকাটি এখন মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে পৌঁছাতে সক্ষম হয়েছে। বিভা হাসান জানান, সেখানকার তরুণ ও যুবসমাজ রাতে সজাগ থেকে পাহারা দেয় এবং চিহ্নিত কোনো ডিলারকে এলাকায় প্রবেশ করতে দেয় না। জিমখানার যুবকদের এই সফলতার পেছনের গোপন রহস্য ছিল তাদের ঐক্যবদ্ধতা। তারা ৩০ জনের একটি কমিটি গঠন করে মসজিদে গিয়ে পবিত্র শপথ নিয়েছিল এবং সুখে-দুঃখে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছিল।

 

পাইকপাড়াবাসীকেও জিমখানার সেই সফল প্রতিরোধ মডেল অনুসরণের আহ্বান জানিয়ে তিনি স্থানীয় মাদক নির্মূল কমিটির নেতৃবৃন্দকে তাদের কাছ থেকে পরামর্শ ও সহযোগিতা নেওয়ার জন্য অনুরোধ করেন। বক্তব্যে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি সরাসরি প্রশ্ন ছুড়ে দেন যে, তারাও মাদকের বিরুদ্ধে একইভাবে ঐক্যবদ্ধ হতে প্রস্তুত কি না। সবাই এক বাক্যে সাড়া দিলে তিনি আশ্বাস দিয়ে বলেন, সত্য ও ন্যায়ের পথে ভালো কাজ করতে গিয়ে তিনি নানা বিতর্ক ও লোকাল পত্রিকার অপপ্রচারের শিকার হলেও কখনো পিছিয়ে যাননি। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এলাকার মানুষের কল্যাণে এবং মাদকবিরোধী আন্দোলনে সর্বদা সাধারণ মানুষের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

 

পাইকপাড়া মাদক নির্মূল কমিটির আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিশিষ্ট সমাজসেবকরা একাত্বতা প্রকাশ করেন। এতে আরও উপস্থিত ছিলেন পাইকপাড়া বড় মসজিদ কমিটির সভাপতি নিজাম উদ্দিন মৃধা, সাবেক চেয়ারম্যান আবদুল মতিন মন্টু, বিশিষ্ট সমাজসেবক আবু সাঈদ ভূঁইয়া, তমিজ উদ্দিন সরদার, আপন ক্লাবের সভাপতি মাসুদ রানা, বিশিষ্ট সমাজসেবক ফরিদ আহমেদ মিঠু, আসলাম সরদার, নতুন জিমখানা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ও রাজিব ভূঁইয়াসহ স্থানীয় সামাজিক নেতৃবৃন্দ। সমাবেশ শেষে এলাকাকে সম্পূর্ণরূপে মাদকমুক্ত করার অঙ্গীকার নিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Back to top button