বিবিধ

আড়াইহাজারে লুট হওয়া অস্ত্র ও গুলি মসজিদ থেকে উদ্ধার

আড়াইহাজারে লুট হওয়া অস্ত্র ও গুলি মসজিদ থেকে উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে গত ৫ আগস্ট ২০২৪ তারিখে লুণ্ঠিত ১টি ৯ মিমি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

​আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৬) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে আড়াইহাজার থানা জামে মসজিদের দ্বিতীয় তলা থেকে এগুলো উদ্ধার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে মসজিদের মোয়াজ্জেম নাসির উদ্দিন দ্বিতীয় তলার দক্ষিণ পাশে কোরআন শরিফ রাখার তাকের ওপর একটি লাল রঙের সন্দেহজনক শপিং ব্যাগ দেখতে পান। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে আড়াইহাজার থানার ডিউটি অফিসারকে অবহিত করেন।

​খবর পেয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সবজেল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরে মসজিদের তামাকের ওপর থেকে ওই লাল শপিং ব্যাগ তল্লাশি করে ১টি ৯ মিমি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ২০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

​পরবর্তীতে থানার রেজিস্ট্রার পর্যালোচনা করে নিশ্চিত করা হয় যে, উদ্ধারকৃত এই অস্ত্রটি বিগত ৫ আগস্ট ২০২৪ তারিখে থানা ভবন থেকে লুণ্ঠিত হওয়া অস্ত্রগুলোর একটি।

​পুলিশের প্রাথমিক ধারণা, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় পুরো জেলাজুড়ে অবৈধ অস্ত্র, মাদক ও কিশোর গ্যাং দমনে সাঁড়াশি অভিযান পরিচালিত হচ্ছে। পুলিশের এই কঠোর অবস্থানের কারণে কোনো দুষ্কৃতিকারী হয়তো আইন প্রয়োগকারী সংস্থার হাত থেকে বাঁচতে গোপনে নামাজ পড়ার ছলে অস্ত্র ও গুলিগুলো মসজিদে ফেলে রেখে পালিয়ে গেছে।

​এ ঘটনায় অস্ত্র আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেফতারে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Back to top button