শ্রীরামচন্দ্র অবমাননার প্রতিবাদ: নারায়ণগঞ্জে সনাতন সম্প্রদায়ের বিক্ষোভ মিছিল
শ্রীরামচন্দ্র অবমাননার প্রতিবাদ: নারায়ণগঞ্জে সনাতন সম্প্রদায়ের বিক্ষোভ মিছিল

হিন্দু ধর্মের ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা ও গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২০ জুন) সকাল এগারোটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তারা গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের ছবি অবমাননাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে বলেন, শ্রীরামচন্দ্র সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম আরাধ্য। তাঁর ছবিতে জুতাপেটা করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে। একটি গোষ্ঠী বিভাজন তৈরি করতে চায়, তাদের রুখে দিতে হবে।
তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছিলো তখন নারায়ণগঞ্জের সনাতন সম্প্রদায়ের পাশে এসে দাঁড়িয়েছিল বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তারা সনাতন সম্প্রদায়ের উপাসনালয় পাহারা দিয়েছে। কোন দুষ্কৃতিকারী যাতে সনাতন সম্প্রদায়ের উপর হামলা করতে না পারে তার জন্য সার্বক্ষণিক নজরদারি করেছে কিন্তু একটি মহল পেছন থেকে ষড়যন্ত্র করছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে একটি অরাজকতা তৈরি করতে। তাই সরকারকে অনুরোধ করব শক্ত হাতে তাদেরকে দমন করুন।
সরকারকে উদ্দেশ্য করে হিন্দু নেতারা বলেন, বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সনাতন সম্প্রদায় আপনাদেরকে ভোট দিয়েছে। আবহমান কাল ধরে আমরা এ দেশে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছি। আমরা এই ধারা অব্যাহত রাখতে চাই। কোনো প্রকার ধর্মীয় অবমাননা মেনে নেয়া হবে না।
আমরা বিশ্বাস করি ধর্ম যার যার রাষ্ট্র সবার। এদেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার তাই যারা এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টা করছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আপনার জোর দাবি জানাচ্ছি।
নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, সহ-সভাপতি সাংবাদিক উত্তম কুমার সাহা, হিমাদ্রি সাহা হিমু, জেলা পূজা উদযাপন পরিষদের সহ- সভাপতি তিলোত্তমা দাস, প্রদীপ সরকার, ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ মন্ডল, সাধারণ সম্পাদক শিবু দাস, সিদ্ধিরগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর, সাধারণ সম্পাদক খোকন বর্মন, বন্দর থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক পংকজ কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক প্রনব পাল, সহ- সাংগঠনিক সম্পাদক রিপন রুদ্র, কোষাধ্যক্ষ শান্তি দাস, প্রচার সম্পাদক তপন গোপ সাধু, দপ্তর সম্পাদক অভিরাজ সেন সজল, মহানগর পূজা উদযাপন পরিষদের সহ- সভাপতি দুলাল দাস, রতন পোদ্দার, রতন রাউদ, গোপাল দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শংকর রায়, সঞ্জয় দাস, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য, সহ- সাংগঠনিক সম্পাদক সঞ্চয় সাহা, প্রচার সম্পাদক রিপন ঘোষসহ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১২ জুন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি মূর্তির বিরোধিতা করে আয়োজিত সমাবেশ চলাকালে কয়েকজন ব্যক্তি সনাতন ধর্মাবলম্বীদের দেবতা শ্রীরামচন্দ্রের ছবিতে জুতা নিক্ষেপ ও অবমাননাকর আচরণ করেন। সে ঘটনার প্রতিবাদেই এ বিক্ষোভ।

