বিবিধ

দৃষ্টিপ্রতিবন্ধী বাবার সংসারে স্বচ্ছলতার স্বপ্ন, আশামনিকে সেলাই মেশিন দিল জেলা প্রশাসন

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

 

অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তরুণী আশামনিকে একটি সেলাই মেশিন উপহার দিয়েছে জেলা প্রশাসন। অন্ধ বাবা ও সীমিত আয়ের পরিবারের হাল ধরতে এবং নিজের পায়ে দাঁড়ানোর অদম্য ইচ্ছার স্বীকৃতি হিসেবে তাকে এই সহায়তা প্রদান করা হয়।

 

বুধবার (২৮ অক্টোবর ) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।

 

জানা যায়, পারিবারিক অসচ্ছলতার কারণে দশম শ্রেণির পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি আশামনি। তার বাবা দৃষ্টিপ্রতিবন্ধী এবং ভাই একটি ছোট চাকরি করেন। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সেলাই কাজের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার প্রবল ইচ্ছা ছিল তার। আশামনির এই আগ্রহ ও চেষ্টার প্রতি সম্মান জানিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সেলাই মেশিনটি তুলে দেওয়া হয়।

 

এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার স্ব-উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি ও অসহায় পরিবারের পাশে দাঁড়াতে নানা কার্যক্রম পরিচালনা করছে। যেসব পরিবারে উপার্জনক্ষম সদস্য কম, তাদের খুঁজে বের করে আর্থিক সহায়তা ও বিভিন্ন কর্মসংস্থানমূলক উপকরণ বিতরণ করা হচ্ছে। ইতোমধ্যে সদর উপজেলায় মাশরুম চাষ ও কম্পিউটার প্রশিক্ষণসহ বিভিন্ন প্রশিক্ষণে উত্তীর্ণদের প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়েছে।

 

তিনি আরও জানান, কেবল সেলাই মেশিন দেওয়াই নয়, আশামনিকে সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে আরও উন্নত প্রশিক্ষণ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে তিনি ভবিষ্যতে একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারেন। এসব সরকারি উদ্যোগ মাঠপর্যায়ে কতটা কার্যকর হচ্ছে, তা তদারকি করতে সাংবাদিকদের সঙ্গে নিয়ে পরবর্তীতে আশামনির বাড়িতে গিয়ে খোঁজখবর নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

 

উপহার হিসেবে পাওয়া মেশিনটি যত্নসহকারে ব্যবহার করে আশামনি নিজের দক্ষতার বিকাশ ঘটাবেন এবং পরিবারে সচ্ছলতা ও সমাজে মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করবেন,এমন প্রত্যাশা ব্যক্ত করে জেলা প্রশাসক বলেন, সমাজে যারা স্ব-উদ্যোগে এগিয়ে যেতে চান কিন্তু সুযোগের অভাবে পারছেন না, তাদের চিহ্নিত করে প্রশাসনের পক্ষ থেকে এমন সহায়তা অব্যাহত থাকবে।

 

সেলাই মেশিন পেয়ে আবেগাপ্লুত আশা মনি জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Back to top button