জাতীয়

নারায়ণগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগের মাঠ পর্যায়ের কার্যক্রম সম্পন্ন, প্রাথমিকে উত্তীর্ণ ১৪৭

নারায়ণগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগের মাঠ পর্যায়ের কার্যক্রম সম্পন্ন, প্রাথমিকে উত্তীর্ণ ১৪৭

​”সেবার ব্রতে চাকরি”—এই মহৎ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো ক্যাডেট এএসআই (নি:) পদে নিয়োগের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত মাঠ পর্যায়ের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২৪ জুন ২০২৬ খ্রিঃ সকাল ৮:০০টা থেকে শুরু হয়ে আজ ২৬ জুন দুপুর ১২:০০টায় এই প্রাথমিক বাছাই প্রক্রিয়া শেষ হয়।

​তিন দিনব্যাপী চলমান এই নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়োগ বোর্ডের সভাপতি ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি এআইজি (ইন্সপেকশন-২) জনাব নিশাত এ্যঞ্জেলা এবং নিয়োগ বোর্ডের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অত্যন্ত স্বচ্ছতার সাথে এই যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।

​জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ ও ২৬ জুনের কঠোর বাছাই প্রক্রিয়া শেষে শারীরিক যোগ্যতা ও প্রাথমিক কাগজপত্রের শর্ত পূরণ করে সর্বমোট ১৪৭ জন প্রার্থী পরবর্তী ধাপের জন্য মনোনীত হয়েছেন। এই উত্তীর্ণ প্রার্থীরা আগামীতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

​নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন:

​”এএসআই পদে নিয়োগ প্রক্রিয়া হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং সম্পূর্ণ দুর্নীতিমুক্ত। যে সকল পরীক্ষার্থী শারীরিক পরীক্ষায় যোগ্য বিবেচিত হয়েছেন এবং পরবর্তী সকল পরীক্ষায় মেধার স্বাক্ষর রাখবেন, শুধুমাত্র তারাই এই পদে নিয়োগ পাবেন।”

​একই সাথে তিনি চাকরিপ্রার্থী ও তাদের পরিবারকে সতর্ক করে বলেন, কোনো প্রকার প্রতারক বা দালাল চক্রের খপ্পরে পড়ে যেন কেউ আর্থিক লেনদেন না করেন। সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই এই নিয়োগ সম্পন্ন করা হবে।

​উল্লেখ্য, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তীতে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশ নেবেন। এরপর পর্যায়ক্রমে স্বাস্থ্য পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম শেষে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

Leave a Reply

Back to top button