নজরুলের বিদ্রোহ ও মানবতাই আমাদের পথচলার শক্তি: ডিসি রায়হান কবির
নজরুলের বিদ্রোহ ও মানবতাই আমাদের পথচলার শক্তি: ডিসি রায়হান কবির

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জে আয়োজিত তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উৎসবের সফল সমাপ্তি ঘটেছে। শনিবার (৪ জুলাই) সকালে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবটির পর্দা নামে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই উৎসবটি ছিল নজরুল চর্চায় মুখরিত।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মো. রায়হান কবির। তিনি বলেন, “কাজী নজরুল ইসলাম কেবল একজন কবি নন, তিনি অন্যায়ের বিরুদ্ধে চিরন্তন প্রতিবাদের প্রতীক। তার বিদ্রোহ, প্রেম ও মানবতার বাণী আজও আমাদের পথ দেখায়। তরুণ প্রজন্মকে নজরুলের অসাম্প্রদায়িক ও মানবিক চেতনায় উদ্বুদ্ধ করাই এই উৎসবের মূল লক্ষ্য।”
জেলা প্রশাসক আরও বলেন, অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে নজরুলের সাহিত্য ও দর্শনের ভূমিকা অনস্বীকার্য। জেলা প্রশাসন ভবিষ্যতেও নজরুল চর্চাকে উৎসাহিত করতে নিয়মিত এ ধরনের আয়োজনের ধারা অব্যাহত রাখবে।
তিন দিনব্যাপী এই উৎসবে নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, নৃত্য, আলোচনা সভা ও নজরুল বিষয়ক সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, কবি-সাহিত্যিক এবং সংস্কৃতিকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
উৎসবের শেষ পর্বে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা শিল্পকলা একাডেমির সদস্য, সাংবাদিকসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

