আন্তর্জাতিক

৪ মাসে ১০ মামলায় ২২ জনকে মৃত্যুদণ্ড দিলেন বিচারক!

৪ মাসে ১০ মামলায় ২২ জনকে মৃত্যুদণ্ড দিলেন বিচারক!

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মুজাফফরনগরের একটি দ্রুত বিচার আদালতের বিচারক গত চার মাসে ১০টি মামলায় ২২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এই ঘটনার পর তার আদালতে বিচারাধীন প্রায় ১০০টি হত্যা মামলা অন্য বিচারকের আদালতে স্থানান্তর করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আইনজীবী জানিয়েছেন, অতিরিক্ত জেলা ও সেশনস জজ রবি কুমার দিওয়াকরের আদালতে থাকা এসব মামলা জেলা ও সেশনস জজ বীরেন্দ্র কুমার সিংয়ের আদালতে পাঠানো হয়েছে। মামলাগুলো এমন অপরাধের সঙ্গে সম্পর্কিত, যেগুলোর শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

 

 

মুজাফফরনগর জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রমোদ ত্যাগী বলেন, বিচারক দিওয়াকরের আদালত থেকে মৃত্যুদণ্ড দেওয়ার সম্ভাবনা নিয়ে আইনজীবী ও মামলার পক্ষগুলোর মধ্যে আশঙ্কা তৈরি হয়েছিল।

বিচারক রবি কুমার দিওয়াকর ২০২২ সালে বারাণসীর জ্ঞানবাপী কমপ্লেক্সের ভিডিওগ্রাফি জরিপের নির্দেশ দেওয়ার পর জাতীয় পর্যায়ে আলোচনায় এসেছিলেন। তিনি কঠোর রায় দেওয়ার জন্য পরিচিত। লক্ষ্ণৌয়ের বাসিন্দা ৪৬ বছর বয়সী দিওয়াকর ২০০৯ সালে আজমগড়ে অতিরিক্ত সিভিল জজ হিসেবে বিচারিক জীবন শুরু করেন। এরপর ২০১৫ সালের মে মাসে তিনি সুলতানপুরে সিভিল জজ হিসেবে পদোন্নতি পান। প্রায় পাঁচ মাস পর তিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে উন্নীত হন।

 

 

বিচারক দিওয়াকরের শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে বাণিজ্যে স্নাতক এবং এলএলএম ডিগ্রি। ২০২৫ সালের নভেম্বর থেকে তিনি মুজাফফরনগরের অতিরিক্ত জেলা ও সেশনস জজ হিসেবে দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Back to top button