সিদ্ধিরগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নূরুল ইসলাম ওরফে গোলাপ (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
শনিবার (১ আগস্ট ২০২৬) ভোরে সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকার কাঁচপুর ব্রিজের ঢালে লিংক রোডের মাথা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নূরুল ইসলাম নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার দক্ষিণ বড় ভিটা (জলডাঙ্গা) এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের এসও এলাকায় রাশিদুলের গ্যারেজ সংলগ্ন এলাকায় বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোং বেলাল উদ্দিন ফকিরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ৮০০ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে কোনো মামলার পিসিপিআর (পূর্ববর্তী অপরাধের রেকর্ড) পাওয়া যায়নি। তবে এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আজই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদক ও যেকোনো অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।

