সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সদস্য ও যুবলীগ নেতা বাবু গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সদস্য ও যুবলীগ নেতা বাবু গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ রফিকুল ইসলাম বাবু (৪৮)। তিনি সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য বলে জানা গেছে। গতকাল ১২ জুন (শুক্রবার) রাতে তাকে নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মনির হোসেন ও এএসআই এস এম ইলিয়াসের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
গতকাল শুক্রবার রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল নয়াপাড়া ০৭ নম্বর ওয়ার্ড এলাকায় আসামির নিজ বসত বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম বাবু ওই এলাকার মোঃ ফজলুল হকের ছেলে।
পুলিশ জানিয়েছে, ধৃত আসামি রফিকুল ইসলাম বাবুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় মোট ৩টি মামলা রয়েছে।
গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে আজ আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ নিশ্চিত করেছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

