নারায়ণগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পূর্বে রয়েছে ৪ মামলা
নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মনি @ মরনী (২৯) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাজেদুল ইসলামের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় ২৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এসআই (নিরস্ত্র) মোঃ রমজান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সদর মডেল থানাধীন ১নং বাবুরাইল মোবারক শাহ রোড এলাকার মূসা হাজীর বাড়ির সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে।
অভিযানে ৫শ গ্রাম গাঁজাসহ মনি @ মরনীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া নারী মাদক কারবারি নারায়ণগঞ্জ সদর উপজেলার ১নং বাবুরাইল এলাকার তাতিপাড়া খোকন সাহেবের বাড়ি (ভাসমান ভাড়াটিয়া) নিবাসী মৃত হাসানের মেয়ে এবং রোমানের স্ত্রী।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে এর আগেও ৪টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা রুজু করা হয়েছে এবং আজ তাকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

