সোনারগাঁয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার
সোনারগাঁয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় ০৬ জন ডাকাতকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজি ও বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ০৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে রাতে সোনারগাঁও থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) শিকদার হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্সসহ রাত্রকালীন ডিউটি করার সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, একটি সংঘবদ্ধ ডাকাত দল সোনারগাঁও থানাধীন মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকার স্পাইসি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের বিপরীতে ঢাকাগামী রোডের পাকা রাস্তার ওপর সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
তাত্ক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালানোর চেষ্টা করলে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ৬ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
১. মো. পারভেজ (৩৬), পিতা- মৃত আসাদ মিয়া
২. প্রান্ত (২৮), পিতা- মৃত আসাদ মিয়া (উভয়ের সাং- গোহাট্টা, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ)
৩. মো. রোহান (২২), পিতা- জাহাঙ্গীর মিয়া (সাং- নাল আলাপদী, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ)
৪. মো. ডালিম (৪৮), পিতা- মৃত গিয়াস উদ্দিন (সাং- ছোট সাদিপুর, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ)
৫. নাজমুল (২৮), পিতা- মো. নজরুল ইসলাম (সাং- আলাপদী, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ)
৬. মো. অন্তর (২৪), পিতা- মো. মনির হোসেন (সাং- বাতাখালী, থানা- লাকসাম, জেলা- কুমিল্লা; বর্তমান ঠিকানা- কামারগাঁও, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ)
অভিযানকালে আসামিদের হেফাজত থেকে একটি তালা কাটার যন্ত্র, দুটি রামদা, একটি সেলাই রেঞ্জ, একটি ছুরি, একটি প্লাস, একটি দা, একটি লোহার রড এবং ডাকাতদের ফেলে যাওয়া একটি সিএনজি (রেজিস্ট্রেশন নং- নারায়ণগঞ্জ-থ-১১-৫৬৬৫) জব্দ করা হয়।
এ ঘটনায় সোনারগাঁও থানায় একটি ডাকাতির প্রস্তুতির মামলা রুজু করে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক অন্যান্য সহযোগীদের গ্রেফতারে পুলিশের অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

