অপরাধ

সিদ্ধিরগঞ্জে ডিউটি পালনকালে পুলিশের ওপর হামলা: ৪ আসামি গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে ডিউটি পালনকালে পুলিশের ওপর হামলা: ৪ আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত চার আসামিকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গত ১৫ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে সংঘটিত এই হামলার ঘটনায় জড়িত প্রধান আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

​থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানার জিডি নং- ১০২৬ মূলে এএসআই (নিঃ) মোহাম্মদ স্বপনের নেতৃত্বে একটি আভিযানিক দল থানা এলাকায় নিরাপত্তা রক্ষা, মাদক উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিলের ডিউটিতে নিয়োজিত ছিল। ডিউটিকালীন সময়ে পুলিশ দলটি সিদ্ধিরগঞ্জ থানাধীন ৪ নম্বর ওয়ার্ডের আটি হাউজিং এলাকার প্রকৌশলী রবিউলের নির্মাণাধীন ৮ তলা ভবনের দক্ষিণ পাশের বালুর মাঠে পৌঁছায়।

​এ সময় পূর্বপরিকল্পিতভাবে একদল দুর্বৃত্ত ধারালো চাপাতি, সুইচ গিয়ার, দা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে বেআইনিভাবে একত্রিত হয়ে পুলিশের ওপর হঠাৎ হামলা চালায়। হামলায় এএসআই (নিঃ) মোহাম্মদ স্বপন, কনস্টেবল মনির হোসেন এবং কনস্টেবল মো. আবু হানিফ গুরুতর জখম হন।

​পুলিশের বৈধ কাজে বাধা প্রদান ও হামলার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের দিক-নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ এমদাদুল হক-এর তত্ত্বাবধানে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।

১. মো. নাইম হোসেন (২৫), পিতা- মো. শাহ আলম, সাং- আটি ওয়াবদা কলোনী (বউ বাজার), ৪নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

২. মো. ইকবাল হোসেন (২১), পিতা- মৃত হাশেম, সাং- আটি ওয়াবদা কলোনী, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৩. মো. আব্দুল্লাহ (২৪), পিতা- মো. ওসমান, সাং- আটি ওয়াবদা কলোনী, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৪. মো. আলেক শাহ (২৮), পিতা- মৃত রহম আলী, সাং- কৃষ্ণপুর (খালিয়াজুরী, নেত্রকোনা), বর্তমান ঠিকানা: আটি ওয়াবদা কলোনী বউবাজার (রজব আলী সাহেবের বাড়ির ভাড়াটিয়া), সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

​পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Back to top button