অপরাধ

রূপগঞ্জে ১০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ ইসমাইল হোসেন (৩৪) নামের এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

​রোববার (১৫ নভেম্বর ২০২৬) বিকেলে রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া এলাকার দড়িকান্দি গাজী সেতু সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, ১৫ নভেম্বর বিকেল ৪টা হতে ৫টা ১০ মিনিট পর্যন্ত ডিবির একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়ার দড়িকান্দি গাজী সেতু সংলগ্ন ইসমাইলের হোটেলের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি-খ)-এর এসআই (নিঃ) মো. শরিফুল ইসলাম ও সুজন তালুকদারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মোট ওজন ১০০ গ্রাম।

​গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ ইসমাইল হোসেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার দড়িকান্দি এলাকার মৃত আব্দুল লতিফ ও মোসাঃ আছিয়া বেগম দম্পতির ছেলে।

​পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Back to top button