রূপগঞ্জে গাঁজা ও মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রূপগঞ্জে গাঁজা ও মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন কায়েতপাড়া ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেলসহ ফয়সাল ওরফে রাজিব (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
২৮ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ (সোমবার) ভোর আনুমানিক সোয়া ৬টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনা এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম সালাউদ্দিনের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। এসআই (নিঃ) মো: আলিমুজ্জামানের নেতৃত্বে রূপগঞ্জ থানার একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কায়েতপাড়া ইউনিয়নের হরিনা সাকিনস্থ ধৃত আসামির নবনির্মিত গরুর খামারের সামনে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে আসামি ফয়সালের নিকট থেকে সিমেন্টের বাজারের ব্যাগে কালো টেপ দিয়ে মোড়ানো অবস্থায় মোট ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেলও জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামি ফয়সাল ওরফে রাজিব রূপগঞ্জ থানাধীন দক্ষিণ নবগ্রাম এলাকার মৃত সাইদ আলি মিয়া ও মৃত নাজমা বেগম দম্পতির ছেলে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে পুলিশ তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

